Showing posts with label জলবায়ু. Show all posts
Showing posts with label জলবায়ু. Show all posts

Friday, January 16, 2009

জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তার অবস্থা

আজকের প্রথম আলোতে "নতুন সরকার, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা" নামে একটি তথ্যবহুল প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এই প্রবন্ধটি জলবায়ু পরিবর্তনের ফলে দেশের খাদ্য নিরাপত্তার অবস্থা কিরূপ হতে পারে সে বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে। লেখক মাহবুবা নাসরীন বলেন:

শুধু কৃষি উন্নয়ন এককভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বৃদ্ধি আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গেও জড়িত। বিশ্বের ধনী দেশগুলো তাপমাত্রা বৃদ্ধিতে যেভাবে ভুমিকা রাখছে, তাতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো, যারা কৃষির ওপর নির্ভরশীল। আইপিসিসির তথ্য অনুযায়ী, এই শতকের শেষে বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ৮ থেকে ৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবি শস্যের সময়ে বা শীতকালে বর্ষা মৌসুমের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মধ্য ও দক্ষিণ এশিয়ায় শস্য উৎপাদন শতকরা ৩০ ভাগ পর্যন্ত কমতে পারে। তাই খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিগুলোর দিকেই প্রধানত দৃষ্টি দিতে হবে। দেশের অভ্যন্তরীণ প্রতিবেশব্যবস্থা, বনসম্পদ, মাটি, জলধারা, জীববৈচিত্র্য, ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষা করা, ভুমিধস রোধ করা, দুর্যোগ ব্যবস্থাপনা, মাটি উপযোগী, দুর্যোগের সঙ্গে খাপখাইয়ে নিতে পারে এ ধরনের খাদ্য উৎপাদনে অধিকতর মনোযোগী হওয়া, গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে সঠিক পন্থা বের করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দিকে এগোতে হবে।
যদিও সরকারকে পরামর্শ দেয়া প্রবন্ধটির উদ্দেশ্য। কিন্তু সাধারণ পাঠকের জন্য যে তথ্য এখানে উপস্থাপিত হয়েছে, তার গুরুত্ব অস্বীকার করা যায় না। প্রবন্ধটির পাঠকপ্রিয়তা প্রত্যাশা করি।

Wednesday, September 10, 2008

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন

আজ থেকে লন্ডনে আজ হচ্ছে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বে সচেতনতা বৃদ্ধির জন্য আরও বেশি সক্রিয়তা বাড়ানোর চেষ্টা করা হবে।

আজকের যায় যায় দিন পত্রিকায় এ বিষয়ক এক খবরে বলা হয়েছে যে এই সম্মেলনে বাংলাদেশ বিশ্বের ধনী দেশগুলোর কাছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকরী লড়াই চালানোর জন্য কয়েক বিলিয়ন ডলার সাহায্য চাইবে।
বলা হচ্ছে যে আগামী দশকগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৭ থেকে ১২ ফুট পর্যন্ত বেড়ে যাবে। ফলে বাংলাদেশের এক বিস্তুত অঞ্চল জলের নিচে তলিয়ে যাবে। এর প্রভাবে প্রায় ৭ কোটি মানুষ নিজেদের বসতবাড়ি হারিয়ে উদ্বাস্তু জীবন গ্রহণ করতে বাধ্য হবে। এই বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে উপকূলী এলাকায় বাঁধ নির্মাণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি করা, আরও ব্যাপক হারে গাছ লাগাতে হবে। এ জন্য ২০২০ সালের মধ্যে বাংলাদেশের অন্তত: ৪ বিলিয়ন ডলার প্রয়োজন।

পত্রিকার খবরে প্রকাশ:-

গ্রিনপিসের সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে শুধু ভারত-পাকিস্তান-বাংলাদেশেরই ১৩ কোটি মানুষ ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাস করছেন। আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে গ্রিন হাউস গ্যাসের নির্গমন প্রয়োজনীয় মাত্রায় হ্রাস করতে ব্যর্থ হলে এ শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। শুধু তাই নয় উচ্চতা বৃদ্ধির কারণে সুমেরু অঞ্চলে গলতে শুরু করেছে হিমবাহ, যার অবধারিত পরিণতি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি।
জলবায়ু উদ্বাস্তু বলতে সাধারণভাবে এমন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে যিনি জলবায়ু পরিবর্তনজনিত কোনো না কোনো কারণে বাস্তচ্যুত হয়েছেন। এ সবের মধ্যে রয়েছে খরা প্রবণতা বৃদ্ধি, বন উজারকরণ, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হারিকেন, ঘূর্ণিঝড়, বন্যা বা টর্নেডো ইত্যাদি। যুদ্ধ বা সংঘাতের কারণে বাস্তচ্যুত মানুষের তুলনায় জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত কারণে বেশি সংখ্যক মানুষ উদ্বাস্তুতে পরিণত হচ্ছেন, তারা সারা জীবনের জন্য তাদের ভিটেমাটি, চাষের জমি ও জীবনধারণের উপায় হারিয়ে ফেলছেন। এসব কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষ ছিন্নমূল পরিবেশ উদ্বাস্তুতে পরিণত হয়েছেন।
জানা গেছে, ৪৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে পৃথিবীর উত্তর মেরুতে যে বিশাল বরফরাজ্য রয়েছে তাতে একের পর এক ভাঙন শুরু হয়েছে। মিডিয়ার খবর ও নাসার পাঠানো ছবি দেখে বিজ্ঞানীরা নড়েচড়ে বসেছেন।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের সামনে এখন বিরাট চ্যালেঞ্জ। ২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা বাড়বে ৫০ শতাংশ। আর ২০২০ সাল নাগাদ সমুদ্রে পানির উচ্চতা এমন পর্যায়ে পৌঁছবে যার ফলে বাংলাদেশের ৪০ শতাংশ এলাকা অধিকহারে বন্যার ঝুঁকিতে পড়বে।
বাংলাদেশের ওপর সম্পাদিত গবেষণা থেকে জানা গেছে, ২০৩০ ও ২০৫০ সাল নাগাদ বর্তমানের তুলনায় বার্ষিক গড় তাপমাত্রা যথাক্রমে ১ ও ১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২১০০ সাল নাগাদ ২.৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ২০৩০ ও ২০৫০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমানের তুলনায় যথাক্রমে ১৪ ও ৩২ সেন্টিমিটার এবং ২১০০ সাল নাগাদ ৮৮ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে বাংলাদেশের কমপক্ষে ১০ শতাংশ এলাকা সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যার ফলে উপকূলীয় অঞ্চলের কোটি কোটি মানুষ উদ্বাস্তু হয়ে পড়বেন বলে অনুমান করা হচ্ছে।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৬৭ সেন্টিমিটার বাড়লে গোটা সুন্দরবনই পানিতে তলিয়ে যাবে। ইতিমধ্যে সুন্দরবনের ভারতীয় অংশে অবস্থিত ‘লোহাচরা’ ও ‘সুপারিভাঙ্গা’ নামের দুটি দ্বীপ সমুদ্রে হারিয়ে গেছে। লোহাচরা দ্বীপের মাত্র ১ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত প্রায় দেড় লাখ জনসংখ্যার ‘সাগরদ্বীপের’ ৩৩.৬২ বর্গকিলোমিটার এলাকা গত ৩০ বছরে সমুদ্রে তলিয়ে গেছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ ভোলা দ্বীপও গত চার দশকে প্রায় ৩ হাজার বর্গ কিলোমিটার এলাকা হারিয়ে বর্তমানে ১৯৬৫ সালের তুলনায় অর্ধেকে এসে দাঁড়িয়েছে।
পত্রিকার কাছে প্রদত্ত এক সাক্ষাৎকারে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেনারেল সেক্রেটারি ড. আবদুল মতিন বলেছেন, বাংলাদেশের নদীগুলো উজান থেকে নেমে আসা পলিতে ভরাট হয়ে যাচ্ছে। পাশাপাশি আবহাওয়ামণ্ডলের তাপ বৃদ্ধির কারণে হিমালয়ের হিমবাহ গলে যাচ্ছে। ফলে বাংলাদেশের নদীগুলো বর্ষামৌসুমে অতিরিক্ত জলকে ধারণ করতে পারছে না। দু'পাশে উপচে পড়ছে। এর ফলে বন্যার সৃষ্টি হচ্ছে।

এই অবস্থা মানুষের সামান্য কিছু সচেতনতার মাধ্যমে ঠেকানো যায়। ডা. আবদুল মতিন কয়েকটি প্রস্তাব করেছেন। এগুলো হল
  • কয়লা থেকে কোনো শক্তি উৎপাদন করা যাবে না।
  • সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে।
  • ব্যাপক বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে।
  • অযান্ত্রিক গাড়ি যেমন সাইকেল রিক্সা প্রভৃতির ব্যবহার বাড়াতে হবে।
  • নদী, জলাশয় ইত্যাদি ভরাট এবং সেগুলোর দূষণ বন্ধ করতে হবে।
বিজ্ঞানী মতিন মনে করেন বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য ক্ষতিগ্রস্থ দেশগুলোর পরস্পরের সাথে সহযোগিতা কার্যক্রম বাড়ানোর চেষ্টা করা উচিত। তাহলে উন্নত দেশগুলো যারা বায়ুমণ্ডলে অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ করে তাদের উপর চাপ সৃষ্টি করা সহজ হবে।

পত্রিকার খবরে আরও বলা হয়েছে:_
সম্প্রতি বিশ্বব্যাংকের এক সমীক্ষার পর বাংলাদেশের পরিবেশ সচিব এ এইচ এম রেজাউল কবির বার্তা সংস্থা এএফপিকে বলেন, শীর্ষস্থানীয় দাতা দেশগুলো এবং বাংলাদেশ সরকার মনে করে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে এবং বেঁচে থাকা নিশ্চিত করতে বাংলাদেশের জরুরিভিত্তিতে বিপুল অঙ্কের অর্থ প্রয়োজন।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সরাসরি ফল হিসেবে বাংলাদেশে অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা, খরা এবং ঘূর্ণিঝড় আঘাত হানছে। গত বছরের প্রবল বন্যা ও ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরে ফসল এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে প্রায় ২.৮ বিলিয়ন ডলার। যে কারণে সারা বছরই দেশে লেগেছিল খাদ্য সমস্যা ও পণ্যের উচ্চ মূল্য।
নোবেল পুরস্কার বিজয়ী ইউনাইটেড নেশনস ইন্টার-গভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইন (আইপিসিসি) আশঙ্কা প্রকাশ করে বলেছে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের মোট ভূমির শতকরা ১৭ ভাগ সমুদ্র গ্রাস করে নেবে। এর ফলে অন্তত ২০ মিলিয়ন মানুষ হয়ে পড়বে গৃহহীন।
ইতিমধ্যেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের কিছু অংশ জলের তলে তলিয়ে গেছে। এখান থেকে যেসব মানুষ তাদের বসতবাটি ত্যাগ করেছে, আইপিসিসি তাদেরকে বাংলাদেশের প্রথম জলবায়ু শরণার্থী বলে চিহ্নিত করেছে।

Thursday, August 14, 2008

পৃথিবীকে আরও শীতল রাখুন

দিনে দিনে যেভাবে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে তাতে উদ্বিগ্ন না হয়ে উপায় নেই। পৃথিবীর আবহাওয়ামণ্ডলের এই সমস্যা কিন্তু প্রাকৃতিক কোন কারণে তৈরি হয় নি। এর প্রধান কারণ হল মানুষের অতিরিক্ত আরামপ্রিয়তা ও অসচেতনতা। মানুষ নিজেদের আরাম ও আয়েশের প্রয়োজনে, পৃথিবীর কথা না ভেবে দিনে দিনে বায়ুমণ্ডলে নানারকম ক্ষতি করে চলেছে। বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে, ওজনস্তর ক্ষয়ে যাচ্ছে। ফলে তৈরি হচ্ছে একটা গ্রীন হাউজ ইফেক্ট(Green House Effect)। এর ফলে পৃথিবীর উষ্ণতা হু হু করে বেড়ে যাচ্ছে। একারণে মেরু অঞ্চলে বরফগুলো গলে যাওয়া শুরু হয়ে গেছে। প্রতিক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে সমুদ্রতীরবর্তী দেশগুলোর উপর। অথচ আমরা একটু সচেতন হলেই এই সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়। আমরা যদি একটু কম আয়েশী হই। পৃথিবীর প্রতি আমাদের মমত্ববোধ আর একটু বাড়াই, তাহলেই সম্ভব পৃথিবীকে আর একটু শীতল রাখা। আমরা বিভিন্নভাবে এটা করতে পারি।

  • সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে।
  • রুম থেকে বের হয়ে যাবার সময় বৈদ্যুতিক যন্ত্রগুলো বন্ধ করে (যেমন: বাল্ব বা ফ্যান)।
  • বাথরুমে স্নানের সময় কমিয়ে অর্থাৎ কম জল খরচ করে।
  • বৈদ্যুতিক তারগুলো নিয়মিত পরীক্ষা করে। অর্থাৎ কোথাও যেন লিকেজ না থাকে, সেটা নিশ্চিত করে।
  • বাড়ির আশেপাশে আরও বেশি পরিমাণে গাছ লাগিয়ে।
  • যখন ব্যবহার হবে না, তখন বৈদ্যুতিক যন্ত্রগুলোর প্লাগ সকেট থেকে খুলে ফেলে।
  • রিসাইকেলযোগ্য বাজারের ব্যাগ ব্যবহার করে।
  • স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যদ্রব্য গ্রহণ করে।
আসলে সদিচ্ছাটাই বড়। এই পৃথিবীকে বাসযোগ্য করতে হবে আমাদের নিজেদের প্রয়োজনেই। আমরা নিজেরাই যদি এর যাবতীয় সুবিধাটুকু ভোগ করে শেষ করে ফেলি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব? তাদের জন্য আমরা কি একটি সুস্থ, সুন্দর, স্বাস্থ্যকর, বাসযোগ্য পৃথিবী রেখে যাবার কথা চিন্তা করতে পারি না?

আমি National Wildlife এর newsletter এর সদস্য। ওদের কাছ থেকে নিয়মিত বিভিন্ন রকমের খবর পাই। আজকেও পেলাম। তারা বলছিল আরও কিভাবে এই পৃথিবীর ভাল প্রতিবেশী হওয়া যায়। অন্ততঃ তিনটি পদ্ধতি ব্যবহার করলে পৃথিবীকে একটু শীতল রাখতে সহায়তা করা যায়। একটি লিংক দিয়েছে, যেখানে ভিজিট করলে সিলেক্ট করার মত বেশ কয়েকটা অপশন আসে। সেগুলোতে ক্লিক করে তাদেরকে সামান্য কিছু ডলার দিয়ে সহায়তা করা যেতে পারে। আমার দেয়ার মত ডলার নেই। কিন্তু পড়ে যা বুঝলাম তাতে সত্যিই এই পৃথিবীর আবহাওয়াকে শান্ত রাখতে আমাদের করার মত অনেক কিছুই রয়েছে। শুধু দরকার এই পৃথিবীমাতার প্রতি আর একটু বেশি ভালবাসা।

ছবি নেয়া হয়েছে National Wildlife এর ই মেইল থেকে।

Wednesday, June 18, 2008

বিশ্ব মরুকরণ ও খরা দিবস

গত পরশু বিশ্ব মরুকরণ ও খরা দিবস পালিত হল। খবরটি তেমন প্রচারণা পায় নাই। অথচ ব্যাপক প্রচারিত হওয়া উচিত ছিল। আবহাওয়ামণ্ডলে কার্বনের উপস্থিতি, বিশ্বের উষ্ণতাবৃদ্ধি ইত্যাদি কারণে জলবায়ুর যে পরিবর্তন হয়ে গেছে, তাতে আমাদের আবহাওয়ার সামান্যতম হেরফেরকে কোনরকম উপেক্ষা করা সম্ভব নয়। গ্রীষ্মমণ্ডলীয় দেশ হিসেবে বাংলাদেশের গরমের পরিমাণ শীতপ্রধান দেশগুলোর চাইতে অনেক বেশি। এ কথা সত্য। কিন্তু নদীমাতৃক দেশ হওয়ার কারণে দেশের সামগ্রিক তাপমাত্র সহনশীলতার মাত্রাকে কখনও ছাড়িয়ে যায় না। কিন্তু মনুষ্যসৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তনের কারণে এই স্বস্থি আর ধারাবাহিক থাকছে না। ব্যাপকহারে বৃক্ষ কর্তন, বৃষ্টির পরিমাণ কমে যাওয়া, নদীগুলোতে জলের অভাব, নতুন গাছ না লাগানো ইত্যাদি কারণে দেশের বিভিন্ন জায়গার মরুকরণ প্রক্রিয়া ধীরে ধীরে এগিয়ে চলছে। বিশেষত উত্তরবঙ্গে গত কয়েক বৎসর হল যে পরিমাণ গরম পড়ছে তা পূর্ববর্তী শত বৎসরের প্রেক্ষিতে খুবই বিরল একটি ঘটনা। অথচ এখন এই গরমের প্রাবল্য কোন বিরল ঘটনা নয়। একটি নিয়মিত সাংবাৎসরিক ঘটনায় পরিণত হয়েছে। এই বৎসর তেমন গরম অবশ্য পড়েনি। কিন্তু যে বৎসরে একটু বেশি গরম পড়বে সেই বৎসরগুলোতে জনজীবন যে কিরকম বিপর্যস্থ হয়ে পড়ে তা ভুক্তভোগীমাত্রই জানেন। লু হাওয়া শব্দটিই বিদেশী। বাংলাদেশের আবহাওয়ায় লু হাওয়ার প্রাদুর্ভাব কখনই ছিল না। কিন্তু গত ৮-১০ বৎসরে শব্দটি বাংলা ভাষায় ধীরে ধীরে অনুপ্রবিষ্ট হচ্ছে। এর পিছনে আবহাওয়ার পরিবর্তনই মূখ্য ভূমিকা পালন করছে। আফ্রিকার দেশগুলোতে ফি বৎসর খরা হয়। সেখানের মানুষের জীবনে এটা এক অন্যতম দুর্যোগ। আমরা বাংলাদেশের মানুষেরা যদি খরা সম্পর্কে এখনই সচেতন না হয় তাহলে তাদের কপালেও যে আফ্রিকার মানুষদের মতো দুর্ভোগ আছে এ কথা বলার জন্য ভবিষ্যৎদ্রষ্টা হবার প্রয়োজন নেই।