Showing posts with label দেশী পাখি. Show all posts
Showing posts with label দেশী পাখি. Show all posts

Sunday, May 11, 2008

চিলের বিষ্ঠা


কুড়িগ্রাম শহরে সম্ভবত ৪০টির বেশি চিলের বাস। আমি পাখি বিশেষজ্ঞ নই। পাখি সম্পর্কে কোন প্রশিক্ষণ নেই। তাই ঠিকমত হয়ত তাদের সংখ্যা গুনতে পারিনি। তবে আরও কয়েকজনের মুখে সংখ্যাটির সপক্ষে সমর্থন পেয়েছি।

কুড়িগ্রামে নতুন বাজারের মোড়ে ফায়ার সার্ভিস এর অফিস। এই অফিসের ঠিক দক্ষিণ পাশে বড় বড় কয়েকটা ইউক্যালিপটাস গাছ আছে। এ বিষয়ে আমার পূর্ববর্তী একটি পোস্ট আছে এখানে। এই গাছে ২০টির বেশি চিল রাত্রিযাপন করে। সন্ধ্যার আগে আগে আসে। গাছের মাথার উপরে পাক খেয়ে ঘুরে ঘুরে উড়ে এসে মগডালে আশ্রয় নেয়। ততক্ষণে চারপাশে সন্ধ্যা নেমে আসে। অন্ধকার আলোকে আড়াল করে ফেলে। ভালমত সব কিছু চোখে পড়ে না। আবার ভোর হতে না হতেই চিলেরা খাদ্যের সন্ধানে চলে যায় দৃষ্টিসীমার বাহিরে, অনেক দূরে। কিন্তু নীচের রাস্তায় তার ছাপ থেকে যায়। সারারাত্রি তাদের মলত্যাগের চিহ্ন রাস্তায় স্পষ্ট হয়ে চোখে পড়ে।

Thursday, May 1, 2008

শাপলার কোণে পাখির বাসা

শহরের জিরো পয়েন্ট শাপলা মোড়। পূর্বে এখানে রেলঘুন্টি ছিল। পরিবর্তিত শহর পরিকল্পনা কিংবা বাণিজ্যিক উপযোগীতা কোন একটির কথা চিন্তা করে রেল লাইন কুড়িগ্রাম শহর থেকে তুলে দেয়া হয়েছে। মোড়ের পূর্ব কোণে আওয়ামী লীগ অফিস। এখন বিবর্ণ এবং নিরব। তার পাশ দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে ছোট একটি রাস্তা। পাশে স-মিল। এই কোণের একটি বিদ্যুতের খুঁটি পাখিটির কেন যে বাসা বানাবার জন্য পছন্দ হল তা বলা মুশকিল। কারণ জায়গাটা সারাদিন এবং রাতের অধিকাংশ সময় হৈ হট্টগোলে ভরা থাকে। হৈ চৈ চেচামেচি তথা যাবতীয় শব্দদূষণ জায়গাটির অন্যতম বৈশিষ্ট্য। তারপরও পাখিটির কাছে সুখের নীড় অসুখে পরিণত হয়নি।





Monday, April 21, 2008

চিলের রাত্রিযাপন


কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ঠিক দক্ষিণের বিরাট ইউক্যলিপটাস গাছে চিলদের রাত্রিযাপন যে হয় তা খেয়াল করিনি। আজ বিকেলে সন্ধ্যার আগে আগে নিচ দিয়ে আসতে আসতে হঠাৎ উপরে তাকিয়ে দেখি বেশ কিছু চিল সেখানে বসে আছে। কুড়িগ্রামে এই মৌসুমে অনেক চিল যে এসেছে তা জানতাম। কিন্তু কোথায় থাকে তা জানতাম না। গতকাল আর একজনের কাছে শুনলাম শিশুনিকেতনের পাশে একটি গাছে চিলের বাসা আছে। ওরা মাঝেমাঝে ঢিল ছুড়ে চিল পরিবারকে বিরক্ত করে। বাড়ির হাস-মুরগীর ছানা নিয়ে যায় আবার হঠাৎ করে ছোঁ দিয়ে মাছ নিয়ে যায়। আমি তাকে চিলের খাদ্যাভাবের কথা বোঝালাম। চিলের আবাসসঙ্কট যে প্রকট সেটা জানালাম। সে বুঝল। তাকে আরও বললাম কুড়িগ্রাম শহরকে যদি চিলের জন্য অভয়ারণ্য ধরণের কিছু তৈরি করা যেত তাহলে তা আমাদের জন্য গর্বের হত।

ইউক্যালিপটাস গাছে চিলের কোন বাসা নেই। তারা সারাদিন বিভিন্ন জায়গায় ঘরে বেড়িয়ে রাত্রে এখানে এসে থাকে। আমার ক্যামেরা ততোটা ভাল নয়। তাই ভাল ছবি উঠল না।

Wednesday, April 2, 2008

আরও চিলের বাসা




কুড়িগ্রামের আরও একটি জায়গায় চিলের বাসা খুজে পাওয়া গেল। খলিলগঞ্জ বাজারের পাশে। একটি এনজিও অফিস বিল্ডিং। এই বিল্ডিং এর উপরে মোবাইল কোম্পানীর একটি মাঝারি সাইজের টাওয়ার। এই টাওয়ারের উপরের দুইটি তাকে দুই জোড়া চিল (ভুবন চিল) বাসা দিয়েছে। এমনটা ঘটা একটি বিরল ঘটনা। সাধারণত এমন হয় না। একই টাওয়ারে দুইটা চিলের বাসা দেখার সৌভাগ্য আমার হল এটা ভাবতে ভালো লাগছে।

চিল সাধারণত দুজনে মিলে সংসার পাতে। আশেপাশে কম সময়ই অন্য চিলকে সহ্য করতে পারে। তবে তাই বলে চিলেরা অসামাজিক পাখি নয়। গতকাল সন্ধ্যায় ঘোষপাড়ার যে টাওয়ারটাতে চিলের বাসা আছে সেখানে দু'জন মোবাইল কোম্পানীর কর্মী উঠেছিল। তারা কোনরকম টেকনিক্যাল কাজের জন্য উঠেছিল। চিলদুটো চিৎকারে চারপাশ কাপিয়ে দিচ্ছিল। আমি বুঝতে পারলাম চিলচিৎকার কাকে বলে। ধীরে ধীরে চারপাশ থেকে আরও চিল এসে জড়ো হল। টাওয়ারটিকে কেন্দ্রে রেখে আকাশে চিলেরা ঘুরে ঘুরে উড়তেছিল। মাঝে মাঝে দু'একটা চিল কর্মী দুজনকে ছোঁ মেরে ভয় দেখাচ্ছিল। সন্ধ্যার সময়ের ঘটনা। আমার হাতে ক্যামেরা ছিল না। থাকলেও ভাল উঠত না। চারপাশ অন্ধকার হয়ে গেছে। তখন আমি চিলগুলোকে গোনার চেষ্টা করলাম। ৩০-৩৮টার মতো হবে। এতগুলো চিল আশেপাশে ছিল আমি ভাবতেও পারিনি। তাদের পরস্পরের বিপদে এগিয়ে আসা দেখে আমার খুব ভালো লেগেছে। চিলেরাও যে অন্য চিলের সমস্যা দু:খ ভাগাভাগি করে নিতে চায় তা আমি জানতাম না।

মোবাইল কোম্পানীগুলোর দেশের পাখিসম্পদ রক্ষায় এগিয়ে আসার সময় হয়েছে। তারা দেশের জনগণের সাথে ব্যবসা ভালই করছে। প্রতিদিন তাদের ব্যবসার ক্ষেত্র আরও বিস্তৃত হচ্ছে। গ্রাম থেকে গ্রামান্তরে তাদের নেটওয়ার্ক পৌছে যাচ্ছে। তারা হয়তো আরও প্রত্যন্ত গ্রামে তাদের টাওয়ার বসাবে। সেখানের খেটে খাওয়া মানুষদের সাথে ব্যবসা করবে। বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে তারা পসরা নিয়ে যাবে কিন্তু সেখানকার প্রকৃতি সংরক্ষণে সামান্যতম ভূমিকা রাখবে না তা হওয়া উচিত নয়। মোবাইল কোম্পানীগুলো প্রকৃতি সংরক্ষণে বিভিন্নরকম অবদান রাখতে পারে। তার মধ্যে তাদের প্রত্যেকটি টাওয়ারে পাখির বাসা তৈরি করাটা হতে পারে দারুণ একটি কাজ। এ উদ্যোগ নিতে পারলে তারা বাংলাদেশের জনগণের প্রশংসাই পাবে। জনগণের হৃদয়ে জায়গা করে নিতে সময় লাগবেনা।

Sunday, March 16, 2008

ভুবন চিলের বাড়ি - ঘোষপাড়া

চিল

Pariah Kite

(Milvis migrans)

বাজ বংশের পাখি এই চিল। অনেকে ভুবন চিল বলেও ডেকে থাকে। শিকারী পাখি। সুউচ্চ কোন জায়গায় এরা বাসা বানাতে পছন্দ করে। যেমন নীচের ছবির মোবাইল ফোনের টাওয়ার। কুড়িগ্রামের ঘোষপাড়াকে ঢাকার গুলিস্তান এলাকার সাথে তুলনা করা যায়। প্রচণ্ড ব্যস্ত একটি জায়গা। এরকম একটি জায়গায় চিল বাসা বানিয়েছে। নিচের শত কোলাহল উপেক্ষা করে তারা সুখে সংসার করছে। কেউ কারও দিকে তাকাবার সময় পায়না সারাদিন। আমি যখন টাওয়ারের চিলের বাসার ছবি তুলছিলাম। তখন চারপাশের মানুষেরা তাকিয়ে তাকিয়ে দেখছিল। ওরা কেউ কেউ আবার মন্তব্য করছিল বাসাটা ভেঙে দেবার জন্য। কারণ চিলের বাসার কারণে মোবাইল নেটওয়ার্কের যদি কোন সমস্যা হয়? এটাই বাস্তবতা। মোবাইল ফোনের প্রয়োজনীয়তা চিলের প্রয়োজনীয়তার চাইতে বেশি। আমি অবশ্য তাদেরকে বোঝাতে পেরেছিলাম যে একটি সম্পূর্ণ মোবাইল নেটওয়ার্কের চাইতে একটি চিলের মূল্য অনেক বেশি। তা যা হোক সেখানে অনেক রকম উদাহরণ সহযোগে এই কাজটা করতে পেরেছি।

এই চিলগুলোকে অনেকে ভুবন চিল বলে ডাকে। এরা লম্বায় প্রায় ৬৭ সে.মি.। লেজটা দুভাগে বিভক্ত। এরকম লেজ নিয়ে বাতাসে জোরে ছুটতে বা আকাবাকা হয়ে হঠাৎ ছোঁ মারতে খুব সুবিধা। সমস্ত শরীর কালচে। আকাশের খুঁব উচুতে উঠতে পাড়ে। সেদিন দুপুরে আকাশে চিল দম্পতির বায়বীয় সন্তরণ দেখছিলাম। হঠাৎ একটি চিল শরীর বাঁকা করে সাঁ করে নীচে নেমে এল। ছোঁ মেরে কি যেন ঠোটে করে নিয়ে গেল। ঠিক দেখা গেলনা। আমার নিকট থেকে বেশ দূরে ছিল। অনেক উঁচু থেকেও এরা সূক্ষ্মভাবে মাটির দ্রব্যাদি দেখতে পায়। আকাশের কোলে মেঘের কাছে যখন এরা চলে যায় তখন এদের দৃষ্টি বাইনোকুলারের মত শক্তিশালী হয়ে যায়।

এরা বাংলাদেশের নিজস্ব পাখি। তবে বছরের অন্যান্য সময়ে ভারত ও বার্মাতে কেউ কেউ ভ্রমণ করতে যায়। আর এই শীতমৌসুমে বাচ্চা ফোটাবার জন্য বাংলাদেশের গ্রামান্তরে আশ্রয় নেয়।

এদের বাসা বানাবার উপযুক্ত গাছ এখন খুবই কম। তাই তারা এখন অনেকটা আশ্রয়হীন হয়ে পড়েছে। মোবাইল কোম্পানীগুলো যদি আমাদের দেশে শুধুমাত্র ব্যবসা না করে পরিবেশ উন্নয়নের জন্য কিছু টাকা খরচ করত তাহলে বেশ হত। তাদের প্রত্যেকটা টাওয়ারে পাখিদের জন্য বাসা তৈরি করে দেয়া যেতে পারে। এভাবে বেশ কিছু পাখির গৃহহীনদশা ঘুচতে পারে।





Wednesday, March 12, 2008

শালিক

প্রচলিত ধারণা অনুযায়ী একটা শালিক দেখা দুর্ভাগ্য ও দুইটা শালিক দেখা সৌভাগ্যের চিহ্ন। গায়ের রং গাঢ় সোনালী। মাথা ও লেজের দিকে কালোর স্পর্শ আছে। পা হলুদ। ঠোঁট ও চোখ হলুদ রঙের রেখায় আবৃত।

শালিক খুব সাহসী পাখি। তার কাজে কেউ বাধা দিলে সঙ্গে সঙ্গে সে রুখে দাঁড়াবে। সাপ, বেজি, বাঘ বা বাজ/ চিলজাতীয় পাখি দেখলে চিৎকার চেঁচামেচি করে পাড়া মাত করবে।

এরা জোড়ায় জোড়ায় জীবন যাপন করে। আবার ৫/৭ টির ছোট দলে ভাগ হয়েও চলাফেরা করে।

লম্বায় প্রায় ৯ ইঞ্চি। মাথা, গলা ও বুকের উপরের রঙ চকচকে কালো। বাকি পালক গাঢ় সোনালী।

বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা ও পাকিস্তান সবখানেই শালিক দেখা যায়। এক সময় দক্ষিণ আফ্রিকা, মরিশাস, নিউজিল্যান্ড প্রভৃতি দেশে ভারত থেকে শালিক চালান দেয়া হয়েছিল ক্ষেতের পোকামাকড় ধ্বংস করার জন্য।

এপ্রিল থেকে আগস্ট মাস এদের প্রজননকাল। শুকনো ঘাস, খড়, কাগজ, কাঠি, কাপড়, পালক সবকিছু দিয়ে বাসা তৈরি করে। ডিম দেয় ৪-৫টি। পুরুষ নারী দুজনে মিলে বাসা বাধে, সন্তান পালন করে, নিজেদের মধ্যে ঝগড়া করে আমার মিল হয়ে যায়।

শালিক খুব উপকারী পাখি। পোকামাকড় তো খায় তা ছাড়া সাপখোপ দেখলে চিৎকার করে উঠে বাড়ির সকলকে সতর্ক করে দেয়।


Tuesday, March 11, 2008

বুলবুলি

তারের উপর বসে কাকে খুঁজছে বুলবুলি?

Sunday, March 9, 2008

কয়েকটি পাখি

বাড়ির আশেপাশে বেশ কয়েকরকমের পাখি আছে। প্রতিদিন দোয়েলের গান শুনি। এখন তাদের প্রজনন ঋতু। নারীদোয়েলের মন ভোলাবার জন্য সুরের মায়াজাল বুনে চলেছে পুরুষ দোয়েল।

একটি চড়ুই দুষ্টুমি করছে। মাটি খুটে খাচ্ছে।

দোয়েল এবং চড়ুইয়ের সহাবস্থান।

Saturday, March 1, 2008

সাদা সরাল

সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গায় কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি সাদা সরাল দেখা গেছে। প্রথমে বিষয়টি নিয়ে খুব হৈচৈ পড়ে যায়। সবাই অবাক হয়ে যায় এমন একটি ধবধবে সাদা সরাল দেখে। কেউ কেউ ভাবছিলেন এটা বোধহয় পাখিদের কোন নতুন প্রজাতি। কিন্তু বিশিষ্ট পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক পাখিটির দৈহিক গঠন, শারীরিক বর্ণনা ও ভিডিওচিত্র দেখে এটাকে অ্যালবিনো বা শ্বেত সরাল বলে চিহ্নিত করেন। মানুষের মধ্যেও অ্যালবিনো দেখা যায়। পাখি বা প্রাণীজগতের অন্যান্য সদস্যদের মধ্যেও এরকমটা দুর্লভ নয়। কোন কারণে মিউটেশন ঘটলে এমনটা হতে পারে। পাখির মধ্যে প্রতি ২০ লাখের মধ্যে একটির গায়ের রং এমন হতে পারে। উপরের ছবির সেই সাদা পাখিটি একটি অ্যালবিনো সরাল।

আমাদের নিজস্ব দেশীয় জলচর পাখি সরাল। এরা এক রকমের হাঁসজাতীয় পাখি। এর ইংরেজি নাম Lesser Whistling Duck। বৈজ্ঞানিক নাম: Dendrocygna Javanica।
এই পাখিটি ছোট ছোট দলে ভাগ হয়ে জলজ উদ্ভিদে ভরা জলাশয়ে ঘুরে বেড়ায়। শীতকালে এরা খাবার ও আশ্রয়ের সন্ধানে সারা দেশে ছড়িয়ে পড়ে। খাবারের সন্ধানে এরা সন্ধ্যায় বেড়িয়ে পড়ে এবং ভোরের আগেই নিজডেরায় ফিরে আসে। জলজ উদ্ভিদ, বিভিন্ন ফল, শামুক, ছোট মাছ, ব্যাঙাচি ইত্যাদি এদের প্রিয় খাবার। বর্ষায় এদেরকে ধানক্ষেতের মাঝেও দেখা যায়। উড়ে যাওয়ার সময় এটা শিস দিয়ে ডাকে। ডাক শুনেও বোঝা যায় যে সরাল উড়ে যাচ্ছে।
এর গায়ের রঙ বাদামী। লেজের উপরের রঙ লালচে, মাথার উপরে গাঢ় বাদামী রঙের দাগ আছে। পা ও ঠোঁট কালো রঙের। বর্ষাকাল সরালের বাসা বাঁধার সময়। জলজ গাছপালা জড়ো করে জলাশয়ের তীরের কোন ঝোপে বাসা বানায়। ডিম পাড়ে ৭ থেকে ১২টি। ডিমের রং সাদা, কিন্তু পরে বাদামী রঙে পরিবর্তিত হয়।
পৃথিবীর অন্য কোন দেশে সাদা রঙের সরাল দেখা পাওয়ার কোন তথ্য নেই। আর বাংলাদেশে এটাকে দ্বিতীয়বার দেখা গেল। ১৯৯৫ সালে ঢাকা চিড়িয়াখানার হ্রদে শ্বেত সরালকে দেখা গিয়েছিল।

Wednesday, February 13, 2008

বার্ড ফ্লু (Bird Flu) ১

সাম্প্রতিক কালের ভয়াবহ রোগ বার্ড ফ্লু সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে গেছি। ঠিক কোন কোন জায়গা থেকে পেয়েছি তা এই মুহূর্তে মনে করতে পারছিনা। সেগুলো সংগ্রহ করে এখানে পোস্ট করে দিলাম। এই রোগটা এতটাই ভয়ংকর যে আমাদের সচেতন ও সতর্ক না হয়ে কোন উপায় নেই।

বার্ড ফ্লু কি?

  • বার্ড ফ্লু ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ৷
  • এই ভাইরাস সাধারণতঃ পাখির শরীরে বাস করে৷
  • বার্ড ফ্লু অতিথি পাখি থেকে গৃহপালিত পাখিতে এবং পরে আক্রান্ত পাখি থেকে অন্য পাখি এবং মানুষ ও অন্য প্রাণীতে ছড়ায়৷
  • এই ভাইরাস মানব দেহে প্রবেশ করে রোগ এবং মৃতু্য ঘটাতে পারে৷
  • এই ভাইরাস মানব দেহে প্রবেশের পর স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তীত হয়ে মানুষ থেকে মানুষে সংক্রামিত হওয়ার ক্ষমতা অর্জন করে৷
  • এরকম পরিস্থিতি মহামারীর জন্ম দেয়৷


বার্ড ফ্লু মহামারীঃ

  • বার্ড ফ্লু এখন একের পর এক বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে৷
  • অতিথি পাখির এবং আমদানি/রপ্তানীকৃত পাখি বা হাঁস মুরগীর মাধ্যমে রোগটি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে৷


বাংলাদেশে বার্ড ফ্লুঃ

  • বাংলাদেশে কমপক্ষে ৩০ লক্ষ নারী সরাসরি হাঁস মুরগী পালনের সাথে জড়িত।
  • বার্ড ফ্লুর বিস্তার শুধু মানব স্বাস্থ্যের জন্যই হুমকি নয় বরং তা উন্নয়নের অগ্রযাত্রাকে মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে।
  • সরকার ইতোমধ্যেই বার্ড ফ্লু সংক্রামিত দেশ থেকে হাঁস-মুরগী আমদানী নিষিদ্ধ করেছে।
  • বাংলাদেশের জন্য বার্ড ফ্লু হুমকির আরেক মাধ্যম অতিথি পাখি৷ প্রতি বছর শীত কালে এদেশে নানা ধরনের পাখি আসে যারা বার্ড ফ্লু ভাইরাস বয়ে আনতে পারে।


বার্ড ফ্লু প্রতিরোধে করণীয়ঃ

  • - অতিথি পাখি শিকার, বিক্রি করা ও খাওয়া বন্ধ করুন৷
  • - রোগাক্রান্ত অথবা মৃত-পাখি, হাঁস-মুরগী স্পর্শ করবেন না৷
  • - আক্রান্ত অথবা মৃত পাখি পুড়িয়ে অথবা পুঁতে ফেলুন৷
  • - আক্রান্ত অথবা মৃত পাখী দেখলে যথাযথ কর্তৃপক্ষ যেমন পশুসম্পদ অফিস বা কৃষি অফিসারকে জানিয়ে দিন৷
  • - গৃহপালিত হাঁস-মুরগীকে বন্য পাখির সংস্পর্শে আসতে দিবেন না৷
  • - নতুন হাঁস-মুরগীকে বাড়ির হাঁস-মুরগী থেকে অন্তত দুই সপ্তাহ আলাদা করে রাখুন৷
  • যে সকল জলাশয়ে অতিথি পাখির আগমন ঘটে সেসব জলাশয়ে বা আশেপাশে গৃহপালিত হাঁস ও মুরগী চলাচল এবং চরানো বন্ধ করুন৷
  • পাখির সংস্পর্শে এলে অথবা পাখির বিচরণভূমি থেকে ফিরে সবসময় সাবান এবং পানি দিয়ে ভাল করে কচলে দুই হাত ধুয়ে ফেলুন৷
  • রান্নার জন্য অথবা যেকোন কারণে পাখির কাঁচা মাংস স্পর্শ করলে সাবান এবং পানি দিয়ে ভাল করে কচলে হাত ধুয়ে ফেলুন৷
  • যে বাজারে হাঁস-মুরগী বিক্রি হয়, সেখানে বার্ড ফ্লু দেখা দিয়েছে বলে শোনা গেলে সে বাজারে যাওয়া এড়িয়ে চলুন৷
  • মুরগীর মাংস এবং ডিম ভালভাবে রান্না করুন৷ মাংসে কোন গোলাপী আভা বা ডিমের কুসুম যেন গলা না থাকে৷
  • বার্ড ফ্লুর প্রাদুর্ভাব সন্দেহ করা হলে যেসব জায়গায় মুরগীর দ্বারা দূষিত হয়েছে তা পরিষ্কার এবং জীবাণুমুক্ত না করা পর্যন্ত এসব জায়গা স্পর্শ করা এড়িয়ে চলুন৷ এক সপ্তাহের ব্যবধানে দুইবার তাড়াতাড়ি চুন দিয়ে জীবণুমুক্ত করুন৷
  • স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ সাপেক্ষে হাঁস-মুরগীকে টিকা দিয়ে নিন৷
  • কোথাও অধিক হারে গৃহপালিত হাঁস মুরগী ও অতিথি পাখি অসুস্থ হলে বা মারা গেলে নিকটস্থ পশুসম্পদ অফিসে খবর দিন৷
  • কোন ব্যক্তির যদি অতিথি পাখি বা হাঁস-মুরগীর সংস্পর্শে আসার পরে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট প্রভৃতি লক্ষণ দেখা দেয় তাহলে চিকিত্‍সকের পরামর্শ নিতে বলুন৷
  • বার্ড ফ্লু সম্পর্কে সর্তক থাকুন, অন্যদের জানান, দ্রুত মোকাবিলা করুন৷

দোয়েল

দোয়েল: বাংলাদেশের জাতীয় পাখি। শান্ত, চুপচাপ। গ্রাম ও শহরের সর্বত্র দেখা যায়। শরীরে সাদা ও কালো রঙের সুষম সামঞ্জস্য রয়েছে। খাদ্যকণা, ছোট বীজ, পোকা সবকিছু তার খাদ্য। নীচের ছবিটি পুরুষ দোয়েলের। স্ত্রী দোয়েলের রঙ কিছুটা ধুসর।

কাক

আমাদের দেশে কাক যত দেখা যায় তত অন্য কোন দেশে দেখা যায় কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। কাককে অনেকে অলুক্ষণে পাখি বলে। বাড়ির আশেপাশে এলে দুরছাই করে। কিন্তু কাকের মতো উপকারী পাখি মেলা ভার। যাবতীয় নোংরা নিজের উদরস্ত করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। তাদের মধ্যে সামাজিক বোধ খুবই প্রবল। কোন একটি কাক আক্রান্ত হলে বা মারা গেলে তার চারপাশে যত কাক জমায়েত হয় এবং তীব্র স্বরে প্রতিবাদ জানায় তা থেকে মানুষের শিক্ষনীয় অনেক কিছু আছে।

কয়েকটি দাঁড়কাক। আপাদমস্তক কালো রঙে আবৃত।


গলায় ধুসর রং। শরীরের অন্যান্য সমস্ত অংশ কালো। নাম পাতিকাক