Showing posts with label বনাঞ্চল. Show all posts
Showing posts with label বনাঞ্চল. Show all posts

Tuesday, June 24, 2008

সুন্দরবনে বাঘ হত্যা

গত ২২ জুন তারিখে একটি খবর প্রায় সব পত্রিকাতে প্রকাশ হয়েছে। সম্প্রতি সুন্দরবনে আবারো একটি বাঘ হত্যা করা হয়েছে।
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঘরের চালে বিশ্রামরত বাঘের ছবি
একটি বয়স্ক পুরুষ বাঘ লোকালয়ে এসে পরপর তিনজন মানুষকে হত্যা করে। পরে একটি ঘরের চালায় বাঘটি আশ্রয় নিলে গ্রামবাসী তাকে সারারাত ঘিরে রাখে।
প্রথম আলো পত্রিকার খবরে প্রকাশ "সাতক্ষীরার পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী, ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মেজর আলমগীর দেওয়ান, সুন্দরবনের কদমতলা স্টেশনের বন কর্মকর্তা সোলায়মান হাওলাদার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক রাত থেকেই ঘটনাস্থলে অবস্থান করেন।" সকালে গ্রামবাসী বাঘটির গলায় দড়ির ফাঁস পড়ায় এবং পিটিয়ে হত্যা করে। তখন সরকারি কর্মকর্তারা দূরে দাঁড়িয়ে সমস্ত ঘটনা অবলোকন করেছেন। পরদিন ২৩ জুন তারিখে পত্রিকায় এই ঘটনার নানামুখী বিশ্লেষণ দেখা যায়। কেউ সরকারি কর্মকর্তাদের ব্যর্থতা আলোচনা করেছেন, কেউ সরকারি বক্তব্যকে সমর্থন করেছেন। সরকারের পক্ষে বলা হয়েছে লোকবল এবং উপযুক্ত যন্ত্রপাতির অভাব থাকার কারণে এই বাঘটিকে প্রাণ হারাতে হয়েছে। চিড়িয়াখানায় যেমন থাকে তেমন চেতনানাশক ঔষধ যদি বনবিভাগের কর্মকর্তাদের কাছে থাকত তাহলে হয়ত বাঘটির প্রাণ বাচানো যেত। পুলিশ সুপার বলেছেন তারা ফাকা গুলি করেছেন তবুও বাঘটি জঙ্গলে চলে যায় নি। গ্রামবাসীদেরকে তিনি বাধা দিয়েছেন, কিন্তু তারা তা মানে নি।

সমকাল পত্রিকায় অবশ্য ঘটনার বিবরণ অন্যরকম। মূল ঘটনা ঠিক আছে। বাঘটি পরপর তিনজন মানুষকে আকস্মিক আক্রমণে হত্যা করে। কিন্তু তাকে সারারাত গ্রামবাসী কোন জায়গায় ঘিরে রাখেনি। সকালবেলায় তারা খবর পায় যে স্থানীয় গ্রামবাসী অবিনাশ মণ্ডলের চারটি ছাগল খেয়ে বাঘটি তারই ঘরের চালে বসে আছে। তখন গ্রামবাসী বাঘটিকে ঘিরে ফেলে। গলায় দড়ির ফাঁস লাগিয়ে নিচ নামায় এবং সবাই মিলে এলোপাথাড়ি পিটিয়ে বাঘটিকে হত্যা করে।

সমকাল পত্রিকায় প্রকাশিত গাছে ঝুলিয়ে রাখা নিহত বাঘের লাশের ছবি

বাঘটির হত্যাযজ্ঞের বর্ণনা যেমনই হোক না কেন ঘটনাটি সত্যিই দু:খজনক। মানুষ মারা গেছে এটা অবশ্যই মর্মান্তিক ও ব্যথাদায়ক। কিন্তু বাঘটি হল পৃথিবীবিখ্যাত বাঘ, বাংলাদেশের জাতীয় প্রাণী। তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। বাঘটি খাদ্যাভাবে যে লোকালয়ে চলে এসেছে একথা সবাই স্বীকার করেছেন।

গত বৎসরের 'সিডর' ঘুর্ণিঝড়ের কারণে সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণীরা তাদের প্রাকৃতির খাদ্যের অভাবে ভুগতে থাকে। এ কারণে তাদের বিচরণক্ষেত্র বর্ধিত হয়েছে। আজকের জনকণ্ঠ পত্রিকায় দেখলাম সুন্দরবনে লোকালয়ে বন্যশুকর চলে এসেছিল। তাদের আক্রমণে কয়েকজন কিশোর-কিশোরী আহত হয়েছে। এই ঘটনা থেকেও বোঝা যায় সুন্দরবনে এখন খাদ্যাভাব কতটা প্রকট আকার ধারণ করেছে।

তবে শুধুমাত্র খাদ্যাভাব বা প্রাণীদের হিংস্রতাকে দোষ দিয়ে লাভ নেই। জনসংখ্যা বিস্ফোরণের সাথে সাথে যেভাবে বনাঞ্চলগুলো মানুষের দখলে চলে আসছে তাতে বন্যপ্রাণীরাই বা কি করতে পারে। তাদেরও তো স্বাভাবিকভাবে ঘুরে ফিরে বেঁচে থাকতে ইচ্ছে হয়। তাদেরও তো নিজস্ব পরিমণ্ডল আছে। সে জায়গা থেকে তাকে উৎখাত করতে গেলে কিছু সমস্যার মুখোমুখি তো হতেই হবে। এজন্য মূল দোষটা তো বর্তায় মানুষের ঘাড়ে। একথা কি সহজে অস্বীকার করা সম্ভব?

Friday, March 14, 2008

সুন্দরবন ২

সুন্দরবন বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রসীমানায় অবস্থিত। এটা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। জাতিসংঘ থেকে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

সুন্দরবন বাংলাদেশের মধ্যে বন্যপ্রাণীর সবচেয়ে বড় আবাসভূমি। ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী এর সম্পদ। এদের মধ্যে
  • স্তন্যপায়ী প্রাণী রয়েছে ২৭.৬০%
  • সরিসৃপ রয়েছে ২৪.৪৭%
  • উভচর রয়েছে ৩৬.৩৫%
  • পাখি রয়েছে ৩৪.৫৭%
রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের প্রধানতম অধিবাসী। বিশ্বে একমাত্র সুন্দরবনেই এই বাঘ পাওয়া যায়। এর সৌন্দর্য ও বন্যতার খ্যাতি বিশ্বজোড়া। বাঘ ছাড়া সুন্দরবনের উল্লেখযোগ্য প্রাণী হল চিত্রলহরিণ, মায়াহরিণ, বন্যশুকর,বানর, শেয়াল,বাঘডাস, হনুমান, উদবিড়াল, কাঠবিড়াল, সজারু, বনমোরগসহ বিভিন্ন প্রজাতির পাখি।


এই বনে ৩০০টির বেশি প্রজাতির পাখি আছে। এর মধ্যে কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। সুন্দরবনের পাখিগুলোর মধ্যে সাদাচিল, সাদা ঈগল, শকুন, কানিবক, চিতাবক, রাগঘাবক, কজ, লালচিল, মাছরাঙ্গা, মদনটাক, ঘুঘু, গাংচিল, শংখচিল, কাঠঠোকরা,কাদাখোচা, শংখচিল, ডুঙ্গো, কাকাতুয়া, হলদে পাখি, পানকৌড়ি, হড়িকেল, বনমোরগ, সারস, জলকবুতর, মুনিয়া, দোয়েল, বুলবুল, ফিঙে বেশি দেখা যায়।

সুন্দরবনের বর্ণিল পাখি

নিজস্ব প্রজাতির পাশাপাশি ঋতুভেদে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি সুন্দরবনের আকাশ কলকাকলিতে মুখরিত করে রাখে। প্রায় ৫০টিরও বেশি প্রজাতির পাখির নিয়মিত যাতায়াত রয়েছে সুন্দরবনে।

২০০৭ সালের প্রথম দিকের একটি বাঘশুমারি মতে সুন্দরবনে বাঘ রয়েছে ৩৫০ থেকে ৪০০টি। IRMP (Integrated Resource Management Project) এর ১৯৯৬-৯৭ সালে পরিচালিত এক জরিপে দেখা গেছে সুন্দরবনে

  • হরিণ রয়েছে প্রায় ১ লক্ষ ৫০ হাজার,
  • বানর রয়েছে ৫০ হাজার,
  • কুমির রয়েছে ২০০টি,
  • বন্যশুকর রয়েছে ২৫ হাজার।

সুন্দরবনে রয়েছে বিভিন্ন প্রজাতির কাঁকড়া, বিছা, শামুক, ঝিনুক। এছাড়াও সামুদ্রিক কাছিম ও হাঙ্গর মাঝে মাঝে দেখা যায়। উভচর প্রাণীর মধ্যে ব্যাঙ (সবুজব্যাঙ, গেছোব্যাঙ, কুনো ব্যাঙ ) রয়েছে সবচেয়ে বেশি।

সুন্দরবনের কুমির।

সুন্দরবনে বিভিন্ন প্রজাতির সরীসৃপ রয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য হল কুমীর চন্দ্রবোড়া, গোখরা, অজগর, রাজগোখরা, দারাস সাপ, গুইসাপ, গিরগিটি, টিকটিকি সহ সামুদ্রিক সাপ।

প্রজাপতি, মাকড়সা, গুবরে পোকা, মৌমাছি সহ বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ রয়েছে সুন্দরবনে। এদের মধ্যে মৌমাছির তৈরি মোম ও মধু থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ রাজস্ব সরকার আদায় করে থাকে।

ছবিগুলো নেয়া হয়েছে Wikipedia, বাংলা উইকিপিডিয়া থেকে

Thursday, March 13, 2008

সুন্দরবন ১

সুন্দরবনের বৃক্ষরাজি

পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়। সম্প্রতি প্রলংকরী ঘূর্ণিঝড় 'সিডর'কে বুকে পেতে নিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে মানুষকে রক্ষা করেছে। মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টায় সুন্দরবনের অক্লান্ত প্রচেষ্টা রয়েছে। কিন্তু মানুষ তার প্রতিদান দিচ্ছেনা। মানুষের বিভিন্ন বনধ্বংসী কর্মকাণ্ডের ফলে সুন্দরবনের অস্তিত্ব আজ বিপন্নপ্রায়। অথচ জীববৈচিত্র্যে সমৃদ্ধ ও সম্পদে পরিপূর্ণ এই সুন্দরবনকে আমরা আরো সমৃদ্ধশালী বানাতে পারতাম। সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য নিম্নরূপ:

সুন্দরবনে নানা প্রজাতির উদ্ভিদ আছে। এর মধ্যে
  • গাছ রয়েছে ৩৩৪ প্রজাতির
  • শৈবাল রয়েছে ১৬৫ প্রজাতির
  • অর্কিড রয়েছে ১৩ প্রজাতির

এ মধ্যে সুন্দরী গাছ আছে ৭৩% এবং গেওয়া গাছ আছে ১৬ %, বাকীগুলো মিলে বাকী ১১%।

সুন্দরবনের বনজ সম্পদের অন্যতম হল গোলপাতা। নাম গোলপাতা হলেও পাতাগুলো গোল নয়। লম্বা লম্বা ঠিক নারকেল পাতার মতো। সুন্দরবনে বিভিন্নরকম ফার্ণ জন্মে। আরালি, বাইল, কেওড়া, ওড়া, ধুন্দুল, খলসি, গরান, গেওয়া, তনুশা, পশুর, টাইগারফার্ণ প্রভৃতি। এই টাইগারফার্ণ লবণাক্ত এলাকায় জন্মে। এর ঝোপে বাঘ লুকিয়ে থাকে, বিশ্রাম নেয়, তাই এর নাম টাইগার ফার্ণ।

সুন্দরবনে বিভিন্ন প্রজাতির ঔষধি উদ্ভিদের গাছ রয়েছে। এই সব ঔষধি গাছ বিক্রি করে সরকার প্রত্যেক বৎসর প্রচুর পরিমাণ রাজস্ব আয় করে থাকে। যেমন: কাকড়, সিংড়া, আমুর ধানসি, পানিয়াল, গাব, কালিলতা, জাম, বনলিচু, কেওয়াকাটা, নোনা ঝাউ, বামন হাট্টি, মাকাল ইত্যাদি। এছাড়াও ভোল, গিলালতা, বড়সালকান, কিরপা, গরান, হারগোজা, বুম্বা, ভাতকাঠি, স্বেতপলি, হেতলি, গোলপাতা, হোগল, কেওড়া, বাটুল, গেওয়া, তুলসিপাতা, বাসোকপাতা, উলটকম্বল, লজ্জাবতী, লোটকুড়াল, তিতবেগুন, শিয়ালকাটা ইত্যাদি মূল্যবান উদ্ভিদ সুন্দরবনের অন্যতম বনজ সম্পদ।