Showing posts with label জলাভূমি. Show all posts
Showing posts with label জলাভূমি. Show all posts

Saturday, March 8, 2008

হারিয়ে যাচ্ছে জাল! বৃদ্ধি পাচ্ছে মাছের চাষ

'পরিবেশপত্র' পত্রিকার বর্ষ ১০ সংখ্যা ১০ সংখ্যাটি সেদিন হাতে পেয়ে গেলাম। এ সংখ্যার প্রধান প্রতিবেদন -'পরিবেশ রক্ষার্থে চাই সুশাসন'। দ্বিতীয় পৃষ্ঠায় 'ডাউন টু আর্থ' (সম্ভবত: www.downtoearth.org) এর তথ্যসূত্র স্বীকার করে প্রকাশিত হয়েছে 'হারিয়ে যাচ্ছে জাল! বৃদ্ধি পাচ্ছে মাছের চাষ' শীর্ষক একটি রচনা। বেশ কৌতুহলোদ্দীপক রচনা এটা। উদ্ধৃত করার লোভ সামলানো গেলনা।

  • প্রাথমিকভাবে মৎস্যচাষ সংক্রান্ত কার্যক্রম শুধুমাত্র এশিয়া মহাদেশের সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সাব সাহারিয়ান আফ্রিকা ব্যতীত বিশ্বব্যাপী এই কার্যক্রম আরো ব্যাপকভাবে সম্প্রসারণ এবং বৃদ্ধি লাভ করেছে। ইউএন এর খাদ্য ও কৃষি সংস্থার (UN's Food and Agriculture Organization) নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে যে পরিমাণ মাছ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, তার প্রায় অর্ধেক আসে প্রাকৃতিক উৎস থেকে পরিবর্তে মাছ চাষের মাধ্যমে।
  • ২০০৪ সালে মাছ চাষের মাধ্যমে বিশ্বে ৬০ মিলিয়ন টন মাছ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৪১.৩ মিলিয়ন টন (৫৯) শতাংশ) মাছ উৎপাদিত হয়েছে চীনে। এছাড়া ২২ শতাংশ মাছ উৎপাদিত হয়েছে এশিয়ার অবশিষ্ট দেশগুলোতে এবং প্যাসিফিক অঞ্চলে।
  • চাষের মাধ্যমে উৎপাদিত মাছের মধ্যে ৪৫.৫ মিলিয়ন টন মাছ মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে, যার বাৎসরিক বাজার মূল্য প্রায় ৬৩ বিলিয়ন ইউ এস ডলার। বর্তমানে মিঠা পানির এবং সামুদ্রিক মৎস্য আহরণের পরিমাণ ৯৫ মিলিয়ন টন। মোট আহরণের ৬০ মিলিয়ন টন মাছ শুধুমাত্র মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
  • ১৯৫০ সাল থেকে ২০০৪ সালে বিশ্বে মাছ চাষের পরিমাণ বার্ষিক গড় ৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে এই বদ্ধির হার সবচেয়ে বেশী যা ২১.৩ শতাংশ।

· মাছ চাষের জন্য বিদেশী প্রজাতির মাছ অধিক ব্যবহৃত হয়। এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে ২০০৪ সালে Nile tilapia উৎপাদিত হয় ১.২ মিলিয়ন টন যেখানে স্থানীয় প্রজাতির মাছ উৎপাদিত হয়েছে ২১২,০০০ টন।

· বিশ্বব্যপী মাছের চাহিদা ক্রমান্বয়েই বাড়ছে। মোট উৎপাদিত মাছের ৪০ শতাংশেরও বেশি বাণিজ্যিক পণ্য হিসেবে ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং এর রপ্তানির পরিমাণ মাংস, দুগ্ধজাত দ্রব্য, খাদ্যশস্য, চিনি ও কফিকেও অতিক্রম করেছে।

· ২০০৪ সালে, উন্নত দেশগুলো ৩৩ মিলিয়ন টন মাছ আমদানি করেছে যার মূল্য ৬১ বিলিয়ন ইউ এস ডলারের বেশি। ঐ বছরে মোট মাছের ৮১ শতাংশ আমদানি করা হয়েছে।

· তবে প্রাকৃতিক উৎস থেকে মাছ ধরার পরিমাণ ১৯৮০ সালের মাঝামাঝি সময় থেকে মোটামুটি একটি নির্দিষ্ট পরিমাণের মধ্যে স্থির রয়েছে, বার্ষিক ৯০-৯৩ মিলিয়ন টন।

· কিন্তু মাছের চাহিদা শুধুমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। ১৯৮৫ সাল থেকে ফিসমিল (Fishmeal) এবং মাছের তেল উৎপাদিত হচ্ছে যথাক্রমে ৬ তেকে ৭ মিলিয়ন টন। এই বিপুল পরিমাণ ফিসমিল(Fishmeal) ব্যবহৃত হচ্ছে গবাদি পশুপাখির খাদ্য হিসেবে, প্রধানত পোলট্রি খাতে। বর্তমানে পৃথিবীতে মোট ফিসমিল এর চাহিদার শতকরা ৩৫ ভাগই পূরণ হচ্ছে চাষকৃত মাছ দ্বারা।

· অর্থনৈতিকভাবে মাছচাষ লাভজনক হলেও, এ জাতীয় পণ্যের ব্যবসা-বাণিজ্যের ফলে জলজ প্রাণরি রোগ বিস্তারের ঝুঁকি ক্রমশ:ই বাড়ছে। এরকম একটি উদাহরণ হচ্ছে কই হারপীজ ভাইরাস (Koi Herpes Virus)। এই রোগটি ২০০২ সালে প্রথম ইন্দোনেশিয়ায় দেখা দেয় এবং সেখান থেকে পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

· মাছচাষের ফলে যে বর্জ্য তৈরি হয় তা পরিবেশকেও ক্ষতিগ্রস্থ করে। নিবিড় মাছচাষে বিপুল পরিমাণ জৈব বর্জ্য ও পুষ্টিকর খাদ্য উৎপাদিত হয়, তাই এগুলোর সঠিক ব্যবস্থাপনা না হলে জলাশয়গুলো দুষিত হয়ে পড়বে।

· জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী বর্তমান ভোগের মাত্রা ঠিক রাখতে ২০৩০ সাল নাগাদ প্রয়োজন হবে বাৎসরিক আরও ৪০ মিলিয়ন টন অতিরিক্ত মৎস্যজাত খাদ্যের। তাই সমাধান শুধু একটিই তা হল মাছের চাষ।

· উন্নয়নশীল দেশগুলোতে উৎপাদনকারীদের প্রধান বাধাই হচ্ছে মূলধনের স্বল্পতা। একই সঙ্গে রয়েছে জমি ও মিঠাপানির অভাব এবং জ্বালানি শক্তির মূল্য বৃদ্ধির সমস্যা। এছাড়াও উৎপাদিত পণ্য নিরাপদ কিনা সে বিষয়টির প্রতিও বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

Friday, March 7, 2008

প্রথম জাতীয় হাওড় সম্মেলন

আজ জনকণ্ঠে প্রকাশিত একটা খবর পড়লাম। হাওড়কে বাঁচাবার জন্য জাতীয় সম্মেলন হচ্ছে। এটা 'প্রথম জাতীয় হাওড় সম্মেলন'। হাওড়ের প্রকৃতি, পরিবেশ ও হাওড়বাসীর জীবনজীবিকা রক্ষায় জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার থেকে দু'দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন সাবেক বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। খবরটি স্বস্তির। কারণ বিষয়টির সঙ্গে ২ কোটি লোকের জীবিকা জড়িত। হাওড়ের সঙ্গে আমাদের সমাজ, লোকজ জীবন, সংস্কৃতির ঘনিষ্ঠতা রয়েছে।

রবীন্দ্রসঙ্গীতপ্রেমিক ও বিশেষজ্ঞ বিচারপতি হাবিবুর রহমান কথাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেন, হাওড় অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে সম্পদ ব্যবস্থাপনার প্রচলিত নীতিমালা। এ অঞ্চলের মৎস্যসম্পদের ওপর দরিদ্র মৎস্যজীবীদের কোন অধিকার নেই। হাওড় অঞ্চলের ইজারা প্রথা দরিদ্র মৎস্যজীবীদের অধিকার তেকে বঞ্চিত করেছে। তারা একদিকে পুরনো আইনের কাছে যেমন বন্দী অন্যদিকে সমাজের প্রভাবশালীদের হাতেও জিম্মি হয়ে পড়েছে। তিনি বলেন, জীববৈচিত্রসহ হাওড়ে রয়েছে বিশাল সম্পদের ভাণ্ডার। সঠিক পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়ন হলে হাওড় থেকে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার মৎস্য আহরণ সম্ভব। তিনি আরও বলেন, এই সম্মেলন হাওড়ের জীবনজীবিকা, প্রকৃতি-পরিবেশ রক্ষা ও হাওড়ের সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আইনের অসঙ্গতি চিহ্নিত করে তা নিরসনের জন্য পথনির্দেশিকা হিসেবে কাজ করতে পারে।

আব্দুল মাল আব্দুল মুহিত বলেন, হাওড়কে যথাযথভাবে ব্যবহার করতে পারলে জাতীয় সম্পদের উৎপাদন বাড়ানো সম্ভব।

সম্মেলনের প্রতম দিনে মোট চারটি অধিবেশন হয়। হাওড়ের নীতি পর্যালোচনা, হাওড়ের বন্যা ব্যবস্থাপনা, হাওড়ের জীবনজীবিকা, হাওড়ের কৃষি, হাওড়ের শিক্ষার গুণগতমান ও হাওড়ের নারীর অবস্থান নিয়ে আলোচনা করা হয়।

এই খবরটি আমার কাছে বেশ আশাপ্রদ মনে হল। হাওড়কে নিয়ে যে ভাবনাচিন্তা শুরু হয়েছে এটা খুবই আনন্দের। বাংলাদেশের হাওড় অঞ্চল বিভিন্ন সম্পদে সমৃদ্ধ। অর্থনৈতিক উর্বরতা ছাড়াও পরিযায়ী পাখিদের অন্যতম বিশ্রামস্থল হল এই হাওড়গুলো। সিলেটের হাকালুকি হাওড় এর মধ্যে অন্যতম।

Saturday, March 1, 2008

সাদা সরাল

সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গায় কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি সাদা সরাল দেখা গেছে। প্রথমে বিষয়টি নিয়ে খুব হৈচৈ পড়ে যায়। সবাই অবাক হয়ে যায় এমন একটি ধবধবে সাদা সরাল দেখে। কেউ কেউ ভাবছিলেন এটা বোধহয় পাখিদের কোন নতুন প্রজাতি। কিন্তু বিশিষ্ট পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক পাখিটির দৈহিক গঠন, শারীরিক বর্ণনা ও ভিডিওচিত্র দেখে এটাকে অ্যালবিনো বা শ্বেত সরাল বলে চিহ্নিত করেন। মানুষের মধ্যেও অ্যালবিনো দেখা যায়। পাখি বা প্রাণীজগতের অন্যান্য সদস্যদের মধ্যেও এরকমটা দুর্লভ নয়। কোন কারণে মিউটেশন ঘটলে এমনটা হতে পারে। পাখির মধ্যে প্রতি ২০ লাখের মধ্যে একটির গায়ের রং এমন হতে পারে। উপরের ছবির সেই সাদা পাখিটি একটি অ্যালবিনো সরাল।

আমাদের নিজস্ব দেশীয় জলচর পাখি সরাল। এরা এক রকমের হাঁসজাতীয় পাখি। এর ইংরেজি নাম Lesser Whistling Duck। বৈজ্ঞানিক নাম: Dendrocygna Javanica।
এই পাখিটি ছোট ছোট দলে ভাগ হয়ে জলজ উদ্ভিদে ভরা জলাশয়ে ঘুরে বেড়ায়। শীতকালে এরা খাবার ও আশ্রয়ের সন্ধানে সারা দেশে ছড়িয়ে পড়ে। খাবারের সন্ধানে এরা সন্ধ্যায় বেড়িয়ে পড়ে এবং ভোরের আগেই নিজডেরায় ফিরে আসে। জলজ উদ্ভিদ, বিভিন্ন ফল, শামুক, ছোট মাছ, ব্যাঙাচি ইত্যাদি এদের প্রিয় খাবার। বর্ষায় এদেরকে ধানক্ষেতের মাঝেও দেখা যায়। উড়ে যাওয়ার সময় এটা শিস দিয়ে ডাকে। ডাক শুনেও বোঝা যায় যে সরাল উড়ে যাচ্ছে।
এর গায়ের রঙ বাদামী। লেজের উপরের রঙ লালচে, মাথার উপরে গাঢ় বাদামী রঙের দাগ আছে। পা ও ঠোঁট কালো রঙের। বর্ষাকাল সরালের বাসা বাঁধার সময়। জলজ গাছপালা জড়ো করে জলাশয়ের তীরের কোন ঝোপে বাসা বানায়। ডিম পাড়ে ৭ থেকে ১২টি। ডিমের রং সাদা, কিন্তু পরে বাদামী রঙে পরিবর্তিত হয়।
পৃথিবীর অন্য কোন দেশে সাদা রঙের সরাল দেখা পাওয়ার কোন তথ্য নেই। আর বাংলাদেশে এটাকে দ্বিতীয়বার দেখা গেল। ১৯৯৫ সালে ঢাকা চিড়িয়াখানার হ্রদে শ্বেত সরালকে দেখা গিয়েছিল।

Friday, February 29, 2008

সিলেটের হাকালুকি হাওর

উড়ছে Black Headed Gul অথবা কালো মাথা গঙ্গা কবুতর।

শত শত হাঁসের কলকাকলিতে হাকালুকি হাওড় সবসময় মুখরিত হয়ে থাকে।

প্রথম আলো পত্রিকায় গত ২৬ ফেব্রয়ারির নকশা পাতায় 'পাখির রাজ্য হাকালুকি' নামে একটি ফিচার বের হয়েছে। পড়ে বেশ ভাল লাগল।
পৃথিবীতে যেখানে একসঙ্গে ২০ হাজার পাখি দেখা যায় সে জায়গাটিকে বলে IBA বা Important Bird Aria আর সেখানে এক হাকালুকি হাওরে একসঙ্গে দেখা যায় এক লাখ থেকে দেড় লাখ পাখি। শীত মৌসুমের সময়ে হাকালুকিতে একসঙ্গে এত পাখি দেখা যায়, এতগুলো পাখি হাকালুকি হাওড়কে নিজেদের জন্য নিরাপদ আশ্রয় মনে করে এ আনন্দ বা কৃতিত্ব আমাদের বাংলাদেশের সবার।
বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা সম্প্রতি সেখানে পৃথিবীব্যাপী বিপন্ন পাখি 'মেটে মাথা টিটি' দেখতে পেয়েছে। ৮-৯০টির মতো দলবদ্ধ অবস্থায় এদেরকে দেখতে পাওয়া সত্যিই আনন্দদায়ক।
হাকালুকির ২৩৫টিরও বেশি বিলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা এসে ভীড় জমায়, সাময়িক আবাস গড়ে তোলে। বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে হাকালুকি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে।