Showing posts with label পরিচিতি. Show all posts
Showing posts with label পরিচিতি. Show all posts

Friday, April 11, 2008

তোগিয়ান ধলাচোখ

প্রথম আলো পত্রিকার ৭ মার্চ সংখ্যায় একটি নতুন পাখির খবর পড়লাম। লিখেছেন ইনাম আল হক। সাধারণত আমরা মনে করি পৃথিবীর সব পাখি মানুষ দেখে ফেলেছে। আর নতুন কোন পাখি আবিষ্কারের জন্য অপেক্ষা করে নেই। কিন্তু সকলের ভাবনাকে মিথ্যা প্রমাণ করে সম্প্রতি ইন্দোনেশিয়ার সোলাবেশি প্রদেশের তোগিয়ান দ্বীপপুঞ্জে এই পাখি আবিষ্কৃত হয়েছে। তোগিয়ান দ্বীপপুঞ্জের মাত্র তিনটি ছোট দ্বীপে একে দেখা গেছে।
সাইজ মৌটুসির মতো ছোট্ট একটুকুন। রঙ সবুজ। এই প্রজাতির অন্যান্য পাখিরাও দেখতে প্রায় একই রকম। তবে এর চোখের চারপাশে সাদা চামড়ার এটি সুক্ষ্ম বলয় আছে। শৈশব কৈশোরে এই বলয় স্পষ্ট হয় না। সাবালক হলে এটা স্পষ্ট হয়ে ওঠে। এরা সংখ্যায় খুব অল্প, স্বভাবেও লাজুক। আবিষ্কৃত হওয়ার সঙ্গে সঙ্গে একে বিপন্ন পাখির তালিকায় ঠাঁই নিতে হয়েছে। কারণ তোগিয়ান দ্বীপপুঞ্জ কোন কারণে ধ্বংস হলে এদের নিজস্ব বাসস্থান বিনষ্ট হয়ে যাবে।
এর ইংরেজি নাম Togian white-eye আর বৈজ্ঞানিক নাম জোস্টেরোপস সোমাডিকার্টাই (Zosterops somadikartai)। ধারণা করা হত পৃথিবীতে মোট ৯৪ প্রজাতির ধলাচোখ পাখি ছিল। এখন এই সংখ্যাটি দাড়াল ৯৫। শুধু ইন্দোনেশিয়া নয়, এশিয়ার ভারত সহ দক্ষিণ আমেরিকার ব্রাজিল ও পেরুতে একে দেখা যায়। বাংলাদেশেও এই পাখিটির একটি প্রজাতি আছে। নাম উদয়ী ধলাচোখ। পশ্চিমবঙ্গে এর নাম বাবুন, বাবুনা অথবা বাবুনাই।

এরা চড়ুইয়ের চেয়ে ছোট, হালকা হলুদে সবুজে মেশানো কচি পাতার মত গায়ের রং। চোখের চারপাশে চওড়া সাদা চশমা দেখে সহজেই শনাক্ত করা যায়। উদয়ী ধলাচোখ পাখির ইংরেজি নাম অরিয়েন্টাল হোয়াইট আই (Oriental white-eye), আর বৈজ্ঞানিক নাম জোস্টেরোপস পালপেব্রোসাস (Zosterops palpebrosus)

এই বসন্তে তারা বাসা বানায়। বিভিন্ন খড়কুটো, মাকড়সার জাল তাদের বাসা বানাবার প্রধান উপকরণ। বৈশাখের শেষে বাচ্চা ফুটে বের হবে। তখন গ্রীষ্মমন্ডলীয় বিভিন্ন কীটপতঙ্গ, পোকামাকড় খেয়ে তাদের বাচ্চাদের নতুন জীবন শুরু হবে।

পৃথিবীর পাখির তালিকায় নতুন পাখি সংযোজন হওয়ার খবরটি জানার সাথে সাথে আমরাও আমাদের দেশের পাখি সম্পর্কে সচেতন হব বলে আশা রাখি।

Wednesday, April 9, 2008

পাখির কথা ও শরীফ খান

গত শুক্রবারের প্রথম আলোর অন্য আলো পড়ছিলাম। পাখি বিশারদ শরীফ খান সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। তার জীবন ভাবনা, পাখি বিষয়ক আগ্রহ, কর্ম পরিধি সবকিছু সম্পর্কে সংক্ষেপে ভাল তথ্য পেলাম। তিনি আগে পাখি মারতেন। বাড়িতে বাবা-মা দুজনই পাখি শিকারে সিদ্ধহস্ত ছিলেন। শরীফ খান নিজেও অসংখ্য পাখি শিকার করতেন। তার সবগুলোই যে প্রয়োজনে করতেন তা নয়। বেশিরভাগ সময় আনন্দের জন্য শিকার করতেন। কিন্তু একদিনের ঘটনা তার মনে এমন প্রভাব ফেলল যে তিনি সেদিন থেকে পাখি শিকার নয় পাখি রক্ষায় মনোযোগী হয়ে উঠলেন। একদিন তিনি একটি ঘুঘু পাখিকে গুলি করলেন। যথারীতি পাখিটাকে গুলি লাগল। কিন্তু তাৎক্ষণিকভাবে মাটিতে পড়ে না গিয়ে সেটা গাছের কোন একটি জায়গায় গিয়ে আটকে গেল। শরীফ খান পাখিটাকে পাড়তে গিয়ে দেখেন যে সেটা মা পাখি। বাসায় তার তিনটি বাচ্চা। তখনও চোখ ফোটেনি। মা পাখিটা সেখানে মরে পড়ে আছে। ছোট্ট ছানাদের শরীর রক্তে মাখামাখি। তার নিজের ভাষায়- "সাবধানে পাতার ঝোপ ফাঁক করে দেখি ছোট্ট তিনটি বাচ্চা, এখনো চোখ ফোটেনি। চোখে দেখে না, খাবারের জন্য হাঁ করতেছে তারা। মায়ের রক্তে মাখামাখি হয়ে গেছে শরীর, বীভৎস দৃশ্য। মৃত পাখিটাকে ওদের কাছে রেখে এলাম। ওই শেষ, শিকারজীবনের ইতি। ওই দৃশ্য আমি আজও ভুলিনি। এরপর থেকে অন্যদেরও শিকার করতে বারণ করা শুরু করি। একটা সময় পাখি ও বন্যপ্রাণীর চরম সর্বনাশ করেছি। তাই এখনো পাখিদের কাছে ক্ষমাপ্রার্থী। ক্ষমা চাই বন্যপ্রাণীদের কাছে, প্রকৃতির কাছে।" সত্যিই শরীফ খানের অভিজ্ঞতা মর্মস্পর্শী। একসময় আমিও পাখি শিকারে যেতাম। সে অন্যরকমের এক নেশা। তবে বড় হবার সাথে সাথে বিভিন্ন পাখি বিষয়ক বই পড়ে আমি সচেতন হয়েছি। এখন আর পাখি শিকার করিনা। পাখি শিকার করতে অন্যদের অনুৎসাহিত করি। আসলেই আমরা পাখিদের কাছে যে অপরাধ করেছি তা ক্ষমাহীন। ইউরোপ আমেরিকায় বন্যপ্রাণীদের সাথে তাদের সম্পর্ক বন্ধুত্বের। আর আমরা এখনও তাদেরকে শত্রু কিংবা দাস ছাড়া অন্য কিছু মনে করিনা। তবে যত দিন যাচ্ছে, মানুষ ততই সচেতন হচ্ছে। সরকার বা বিভিন্ন সচেতন গোষ্ঠীদের কর্মতৎপরতা বাড়ছে। শরীফ খানের একটা কথা খুব প্রণিধানযোগ্য। "প্রত্যেক থানায় সরকারি যে খাসজমি আছে তা থেকে পাঁচ বিঘা করে যদি ফেলে রাখা হয়, তাহলে আপনাআপনি যে জীববৈচিত্র্য হবে, তা হাজার বছরেও হবে না।" বিষয়টি ভাববার ও করবার মত। শরীফ খানকে আইডিয়াটির জন্য ধন্যবাদ। প্রথম আলোকেও ধন্যবাদ।

বাংলাদেশে পাখি বিপন্ন হবার কারণ একাধিক। এ সম্পর্কে শরীফ খান বলেন -"একটা পাখি টিকে থাকতেহলে চারটা জিনিস দরকার: নিরাপদ আশ্রয়, খাদ্য, বাসা বাঁধার জন্য গাছ ও বিচরণভূমি। দু-একটা ব্যতিক্রম ছাড়া পৃথিবীর কোনো পাখিই তাকার জন্য বাসা বাঁধে না। তারা ডিম, বাচ্চ দেওয়া অর্থাৎ বংশবৃদ্ধির জন্যই বাসা করে। আমাদের দেশে জলাভুমি কমে যাচ্ছে, তাই বিপন্ন হচ্ছে বালিহাঁস। মরা তালগাছ, সুপারি গাছে বাসা বাধে টিয়া, শালিক, বসন্তবৌরি। এখন মরা গাছ সঙ্গে সঙ্গে কেটে ফেলা হয়। জলময়ুর বাসা বাধতে পারছে না। জলপিপির নেই চারণভূমি। খাদ্য সংকটে আছে ধূসর মাথা হট্টিটি। ফসল উৎপাদনে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করা হচ্ছে। বিষক্রিয়ার শিকার হচ্ছে পাখি।....'৭৪ থেকে যেকোনো ধরণের পাখি, বন্যপ্রাণী দরা, মারা পোষা আইনত নিষিদ্ধ। যেদেশে পাখি শিকার নিষিদ্ধ, সেই দেশে এয়ারগান ও পয়েন্ট টুটু বোর রাইফেল বিক্রি হয় কীভাবে?" ঠিক প্রশ্ন করেছেন শরীফ খান।

পাখি ও বন্যপ্রাণী রক্ষায় শরীফ খানের তৎপরতা অনেক। পাখি নিয়ে প্রতিনিয়ত অসংখ্য লেখা তো লিখে চলেছেন এছাড়া দুটো ডকুমেন্টারি ভিডিও চিত্র তৈরি করেছেন। নাম 'হালতি পাখির বাসা' ও 'হালতি নামা '০৭'। দুর্লভ পাখি হালতি নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য, তাদেরকে রক্ষা করার জন্য তিনি ভিডিওচিত্র দুটি তৈরি করেছেন। এছাড়া গড়ে তুলেছেন 'বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাব, বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি। তাদের উদ্যোগে করা হয়েছে শিশুদের সংগঠন লাভ বার্ড ক্লাব ও লাভ ওয়াইল্ড লাইফ ক্লাব।

শরীফ খানের উল্লেখযোগ্য বই হল বাংলাদেশের পাখি। এই বইয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ৬০০ প্রজাতির পাখি আছে। এর মধ্যে পরিযায়ী পাখি রয়েছে ২০০ প্রজাতির। বিভিন্ন পাখির বর্ণনা ছাড়াও তাদের আচার আচরণের তথ্যমূলক বিবরণ রয়েছে বইটিতে।

সম্পূর্ণ ফিচারটি পড়ে ভাল লেগেছে।

Wednesday, March 12, 2008

শালিক

প্রচলিত ধারণা অনুযায়ী একটা শালিক দেখা দুর্ভাগ্য ও দুইটা শালিক দেখা সৌভাগ্যের চিহ্ন। গায়ের রং গাঢ় সোনালী। মাথা ও লেজের দিকে কালোর স্পর্শ আছে। পা হলুদ। ঠোঁট ও চোখ হলুদ রঙের রেখায় আবৃত।

শালিক খুব সাহসী পাখি। তার কাজে কেউ বাধা দিলে সঙ্গে সঙ্গে সে রুখে দাঁড়াবে। সাপ, বেজি, বাঘ বা বাজ/ চিলজাতীয় পাখি দেখলে চিৎকার চেঁচামেচি করে পাড়া মাত করবে।

এরা জোড়ায় জোড়ায় জীবন যাপন করে। আবার ৫/৭ টির ছোট দলে ভাগ হয়েও চলাফেরা করে।

লম্বায় প্রায় ৯ ইঞ্চি। মাথা, গলা ও বুকের উপরের রঙ চকচকে কালো। বাকি পালক গাঢ় সোনালী।

বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা ও পাকিস্তান সবখানেই শালিক দেখা যায়। এক সময় দক্ষিণ আফ্রিকা, মরিশাস, নিউজিল্যান্ড প্রভৃতি দেশে ভারত থেকে শালিক চালান দেয়া হয়েছিল ক্ষেতের পোকামাকড় ধ্বংস করার জন্য।

এপ্রিল থেকে আগস্ট মাস এদের প্রজননকাল। শুকনো ঘাস, খড়, কাগজ, কাঠি, কাপড়, পালক সবকিছু দিয়ে বাসা তৈরি করে। ডিম দেয় ৪-৫টি। পুরুষ নারী দুজনে মিলে বাসা বাধে, সন্তান পালন করে, নিজেদের মধ্যে ঝগড়া করে আমার মিল হয়ে যায়।

শালিক খুব উপকারী পাখি। পোকামাকড় তো খায় তা ছাড়া সাপখোপ দেখলে চিৎকার করে উঠে বাড়ির সকলকে সতর্ক করে দেয়।


Wednesday, February 13, 2008

দোয়েল

দোয়েল: বাংলাদেশের জাতীয় পাখি। শান্ত, চুপচাপ। গ্রাম ও শহরের সর্বত্র দেখা যায়। শরীরে সাদা ও কালো রঙের সুষম সামঞ্জস্য রয়েছে। খাদ্যকণা, ছোট বীজ, পোকা সবকিছু তার খাদ্য। নীচের ছবিটি পুরুষ দোয়েলের। স্ত্রী দোয়েলের রঙ কিছুটা ধুসর।

কাক

আমাদের দেশে কাক যত দেখা যায় তত অন্য কোন দেশে দেখা যায় কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। কাককে অনেকে অলুক্ষণে পাখি বলে। বাড়ির আশেপাশে এলে দুরছাই করে। কিন্তু কাকের মতো উপকারী পাখি মেলা ভার। যাবতীয় নোংরা নিজের উদরস্ত করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। তাদের মধ্যে সামাজিক বোধ খুবই প্রবল। কোন একটি কাক আক্রান্ত হলে বা মারা গেলে তার চারপাশে যত কাক জমায়েত হয় এবং তীব্র স্বরে প্রতিবাদ জানায় তা থেকে মানুষের শিক্ষনীয় অনেক কিছু আছে।

কয়েকটি দাঁড়কাক। আপাদমস্তক কালো রঙে আবৃত।


গলায় ধুসর রং। শরীরের অন্যান্য সমস্ত অংশ কালো। নাম পাতিকাক