Showing posts with label বন্যপ্রাণী. Show all posts
Showing posts with label বন্যপ্রাণী. Show all posts

Thursday, September 11, 2008

হাতি কি বিলুপ্ত হয়ে যাবে?

১০ সেপ্টেম্বর ২০০৮ তারিখের ইত্তেফাক পত্রিকায় একটি কলামে হাতি বিলুপ্ত হয়ে যাবে কি না সে বিষয়ে প্রখ্যাত নিসর্গবিদ বিপ্রদাশ বড়ুয়া প্রশ্ন রেখেছেন।
প্রবন্ধটি ইত্তেফাক পত্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনপূর্বক সম্পূর্ণ তুলে ধরলাম।

প্রাণী : হাতি বিলুপ্ত হয়ে যাবে

বিপ্রদাশ বড়ুয়া

হাতি অচিরে, অদূর ভবিষ্যতে লুপ্ত হয়ে যাবে। বুনো হাতি তার আবাস বন ছেড়ে ঘন ঘন লোকালয়ে নেমে আসায় এই অর্থই প্রকাশ করে। এর প্রধান কারণ এদের আবাস বা হ্যাবিট্যাট-এর ক্রমাবনতি। আমাদের দেশে হাতিদের প্রধান বিপদ আসছে তাদের আবাসস্থলের সঙ্কোচন ও অবস্থার ক্রমাবনতির জন্য। চোরাগোপ্তা হাতি শিকারিদের আক্রমণ থাকলেও তার জন্য নয়।

নাগা, কুকি, মিজো ও আরও কিছু আদিবাসীরা হাতির মাংস খুব পছন্দ করে। এজন্য মিজোরাম, নাগাল্যান্ড ও তাদের সংলগ্ন অঞ্চলে হাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।

ইত্তেফাক পত্রিকার কক্সবাজার ও চট্টগ্রাম অফিস থেকে ২৮ ও ২৯ আগস্ট পর পর দু’দিন কক্সবাজারের নাইক্ষংছড়ি ও চট্টগ্রামের বাঁশখালি, বোয়ালখালি, রাঙ্গুনীয়া, লোহাগড়া প্রভৃতি এলাকায় গত পাঁচ বছরে হাতির উৎপাতের খতিয়ান দিয়েছে। তাদের মতে, এই সময়ের মধ্যে বুনো হাতির আক্রমণে শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে। আহত হয়েছে তার চেয়েও বেশি।

প্রাচীনকাল থেকে চট্টগ্রাম ও সন্নিহিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতি যূথবদ্ধ হয়ে বিচরণ করছে। ত্রিপুরা, আসাম, মিজোরাম, আরাকান-বার্মাসহ এই অঞ্চল বুনো হাতির প্রাকৃতিক আবাস। আরাকান-বার্মার সাদা হাতিও এখানে থাকত। তখন শুধু চট্টগ্রাম অঞ্চলে ২০০ হাতি ছিল। আবার এরা দেশান্তরীও হত। খেদা দিয়ে এসব হাতি ধরে শিক্ষা দিয়ে পোষ মানানো হত। চট্টগ্রাম জেলা কর্তৃপক্ষ খেদা দেয়ার জন্য ঠিকাদার নিয়োগ করত। প্রতিটি হাতির জন্য তাদের ৭৫০ টাকা সরকারকে দিতে হত। খেদার কাজে ১০০ থেকে ১৫০ লোক নিয়োজিত হত। খেদায় পড়া হাতিদের ২৪ ঘণ্টা খাবার ও পানি দেয়া হত না। তারা তখন শক্ত খুঁটির ঘেরার ফাঁক দিয়ে নাক বের করে একে একে সাহায্য চাইত। সেখানে শিক্ষিত হাতি নিয়ে থাকত মাহুতেরা। আস্তে তারা বুনোদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসত।

১৯৮৫ সালে ভারতে ১৭ থেকে ২১ হাজার হাতি ছিল। সেখানে এখন আছে হয়তো অর্ধেকের কম। বাংলাদেশে ৩০০ হাতি আছে বলে ধরা হয়। আর আকবরের সময় ছিল ৩২ হাজার। জাহাঙ্গীরের সময় এক লাখ ত্রিশ হাজার। আর আমাদের ৩০০ হাতি অচিরে বিলুপ্ত হয়ে যাবে। এখন ব্যক্তি মালিকানাধীন ৫০টি হাতি সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে রয়েছে। এরপর হাতি চলে যাবে চিড়িয়াখানায়। পৃথিবীর বহু দেশে যেমন শুধু চিড়িয়াখানাতেই রয়েছে। তারপর থাকবে শুধু বইপত্রে যেমন পার্বত্য চট্টগ্রাম ও সিলেট-ময়মনসিংহ অঞ্চলে এক সময় গন্ডার ছিল।

শেরপুর, নেত্রকোনার উত্তরে ভারতের মেঘালয় থেকে হাতি এসে উৎপাত করে। সেখানে তিন হাজারের মতো হাতি আছে বলে মনে করা হয়, আর আমাদের সারাদেশে আছে মাত্র তিনশো। মেঘালয়ে বালফাক্রাম জাতীয় উদ্যান করা হয়েছে দুশো বর্গ কিমি জমি নিয়ে। সেখানে শুকনো মরসুমে এক হাজার পর্যন্ত হাতি জড়ো হয়। বর্ষা নামলেই হাতি চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় হাতির প্রজননকাল।

এখন হাতি এসে কক্সবাজার থেকে রাঙ্গুনীয়া পর্যন্ত উৎপাত করছে। নেত্রকোনা শেরপুর অঞ্চলেও করছে। হাতিদের প্রধান দাবি দিনদুনিয়ার মালিক বলে দাবিদার মানুষের কাছে, আমাদের কথা একটু ভাবুন, আমাদের অরণ্য দাও থাকা ও খাওয়ার জন্য। আর আমাদের থাকার জায়গায় যদি আপনারা ঘর ও চাষবাস করেন তাহলে আমাদেরই আমাদের ব্যবস্থা নিতে হবে বৈকি! কারণ আমাদেরও বাঁচার অধিকার আছে। এই পৃথিবীর উপর সকল জীবজন্তু, পাখি, গাছপালা, কীটপতঙ্গ, সাপ ও মাছ সবার হক আছে। সে জন্য যদি আমরা পথ ভুলে বোয়ালখালি থানা থেকে কর্ণফুলী পার হয়ে কালুরঘাট চলে এসে আস্তানা খুঁজি? বলা তো যায় না, মাস্টারদা সূর্য সেনের জালালাবাদ পাহাড়ে বসত খুঁজি? বাটালি পাহাড়, টাইগার পাস, দিয়াং পাহাড়ে চলে আসি? ওসব এলাকায় এক সময় আমাদের পূর্ব পুরুষরা ছিলেন। এতই যদি আঁতকে ওঠেন তবে মাথা ঠাণ্ডা করে আমাদের কাপ্তাই, ওয়াগ্গা, সীতা পাহাড় ছেড়ে দিন। আমাদের অবাধে চলার অভয়ারণ্য দিন। আপনারা বাড়তে বাড়তে ১৫ কোটি হয়েছেন, আমরা কমতে কমতে ৩০০ হবো কেন? জ্ঞানী-গুণী বলে পরিচিত আপনারা, আর একটু ভাবুন আমাদের হাতি জাতির কথা। পার্বত্য চট্টগ্রামে লাখ লাখ মানুষ এনে গুঁজে দিচ্ছেন, পাহাড়-অরণ্য শেষ করে দিচ্ছে তারা, কর্ণফুলীতে বাঁধ দিয়ে ঘন ঘাসের বন ডুবিয়ে দিয়েছেন, পাহাড়ী মানুষ ও পাহাড়ী জীবজন্তুর কথা একবার কি ভেবে দেখেছেন? কোনো প্রকল্প নিয়েছেন লুপ্ত হয়ে যাওয়া এখানকার বাঘ, চিতাবাঘ, গন্ডার, সম্বার, নীলগাই, উড়ন্ত কাঠবিড়ালী, হনুমান, ময়ূর, রামকুত্তা, গৌর, চিত্রা-হরিণ, মায়া হরিণ, বাদি হাঁস, বনমোরগের কথা? শুনছি সুন্দরবনে বাঘ নাকি আছে ৩০০ মাত্র।

আমরা হাতিরা যদি না থাকি, অরণ্য যদি না থাকে, হে মানুষ! উৎসবে ও আনন্দে, কল্পনায় ও স্বপ্নে, মধুচন্দ্রিমা এবং অনিবার্য সন্তানদের নিয়ে তখন কার কাছে যাবেন? বলুন! বলো মানুষ, তোমরা আসলে কী চাও?

[লেখক: কথাসাহিত্যিক ও নিসর্গী]

Tuesday, June 24, 2008

সুন্দরবনে বাঘ হত্যা

গত ২২ জুন তারিখে একটি খবর প্রায় সব পত্রিকাতে প্রকাশ হয়েছে। সম্প্রতি সুন্দরবনে আবারো একটি বাঘ হত্যা করা হয়েছে।
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঘরের চালে বিশ্রামরত বাঘের ছবি
একটি বয়স্ক পুরুষ বাঘ লোকালয়ে এসে পরপর তিনজন মানুষকে হত্যা করে। পরে একটি ঘরের চালায় বাঘটি আশ্রয় নিলে গ্রামবাসী তাকে সারারাত ঘিরে রাখে।
প্রথম আলো পত্রিকার খবরে প্রকাশ "সাতক্ষীরার পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী, ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মেজর আলমগীর দেওয়ান, সুন্দরবনের কদমতলা স্টেশনের বন কর্মকর্তা সোলায়মান হাওলাদার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক রাত থেকেই ঘটনাস্থলে অবস্থান করেন।" সকালে গ্রামবাসী বাঘটির গলায় দড়ির ফাঁস পড়ায় এবং পিটিয়ে হত্যা করে। তখন সরকারি কর্মকর্তারা দূরে দাঁড়িয়ে সমস্ত ঘটনা অবলোকন করেছেন। পরদিন ২৩ জুন তারিখে পত্রিকায় এই ঘটনার নানামুখী বিশ্লেষণ দেখা যায়। কেউ সরকারি কর্মকর্তাদের ব্যর্থতা আলোচনা করেছেন, কেউ সরকারি বক্তব্যকে সমর্থন করেছেন। সরকারের পক্ষে বলা হয়েছে লোকবল এবং উপযুক্ত যন্ত্রপাতির অভাব থাকার কারণে এই বাঘটিকে প্রাণ হারাতে হয়েছে। চিড়িয়াখানায় যেমন থাকে তেমন চেতনানাশক ঔষধ যদি বনবিভাগের কর্মকর্তাদের কাছে থাকত তাহলে হয়ত বাঘটির প্রাণ বাচানো যেত। পুলিশ সুপার বলেছেন তারা ফাকা গুলি করেছেন তবুও বাঘটি জঙ্গলে চলে যায় নি। গ্রামবাসীদেরকে তিনি বাধা দিয়েছেন, কিন্তু তারা তা মানে নি।

সমকাল পত্রিকায় অবশ্য ঘটনার বিবরণ অন্যরকম। মূল ঘটনা ঠিক আছে। বাঘটি পরপর তিনজন মানুষকে আকস্মিক আক্রমণে হত্যা করে। কিন্তু তাকে সারারাত গ্রামবাসী কোন জায়গায় ঘিরে রাখেনি। সকালবেলায় তারা খবর পায় যে স্থানীয় গ্রামবাসী অবিনাশ মণ্ডলের চারটি ছাগল খেয়ে বাঘটি তারই ঘরের চালে বসে আছে। তখন গ্রামবাসী বাঘটিকে ঘিরে ফেলে। গলায় দড়ির ফাঁস লাগিয়ে নিচ নামায় এবং সবাই মিলে এলোপাথাড়ি পিটিয়ে বাঘটিকে হত্যা করে।

সমকাল পত্রিকায় প্রকাশিত গাছে ঝুলিয়ে রাখা নিহত বাঘের লাশের ছবি

বাঘটির হত্যাযজ্ঞের বর্ণনা যেমনই হোক না কেন ঘটনাটি সত্যিই দু:খজনক। মানুষ মারা গেছে এটা অবশ্যই মর্মান্তিক ও ব্যথাদায়ক। কিন্তু বাঘটি হল পৃথিবীবিখ্যাত বাঘ, বাংলাদেশের জাতীয় প্রাণী। তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। বাঘটি খাদ্যাভাবে যে লোকালয়ে চলে এসেছে একথা সবাই স্বীকার করেছেন।

গত বৎসরের 'সিডর' ঘুর্ণিঝড়ের কারণে সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণীরা তাদের প্রাকৃতির খাদ্যের অভাবে ভুগতে থাকে। এ কারণে তাদের বিচরণক্ষেত্র বর্ধিত হয়েছে। আজকের জনকণ্ঠ পত্রিকায় দেখলাম সুন্দরবনে লোকালয়ে বন্যশুকর চলে এসেছিল। তাদের আক্রমণে কয়েকজন কিশোর-কিশোরী আহত হয়েছে। এই ঘটনা থেকেও বোঝা যায় সুন্দরবনে এখন খাদ্যাভাব কতটা প্রকট আকার ধারণ করেছে।

তবে শুধুমাত্র খাদ্যাভাব বা প্রাণীদের হিংস্রতাকে দোষ দিয়ে লাভ নেই। জনসংখ্যা বিস্ফোরণের সাথে সাথে যেভাবে বনাঞ্চলগুলো মানুষের দখলে চলে আসছে তাতে বন্যপ্রাণীরাই বা কি করতে পারে। তাদেরও তো স্বাভাবিকভাবে ঘুরে ফিরে বেঁচে থাকতে ইচ্ছে হয়। তাদেরও তো নিজস্ব পরিমণ্ডল আছে। সে জায়গা থেকে তাকে উৎখাত করতে গেলে কিছু সমস্যার মুখোমুখি তো হতেই হবে। এজন্য মূল দোষটা তো বর্তায় মানুষের ঘাড়ে। একথা কি সহজে অস্বীকার করা সম্ভব?

Saturday, May 10, 2008

বিপন্ন উল্লুক

বাংলাদেশের বন্যপ্রাণীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আজকের একটা খবর হল "বাংলাদেশে উল্লুকের সংখ্যা কমে যাচ্ছে"। খবরে বলা হয়েছে:-

দেশের ১০ প্রজাতির বানরের মধ্যে ৮টিই কোনো না কোনোভাবে হুমকির সম্মুখীন। এদের মধ্যে সবচেয়ে বিপন্ন উল্লুক। আকার, আকৃতি ও আচরণের কারণে সহজে দৃষ্টি কাড়ে গোরিলা কিংবা শিম্পাঞ্জির মতো দেখতে লেজহীন এই উল্লুক। তবে আশঙ্কার বিষয়- উপযুক্ত আশ্রয় ও খাদ্যাভাবে বাংলাদেশে মহাবিপন্ন প্রজাতির তালিকায় থাকা উল্লুকের টিকে থাকা দায় হয়ে পড়েছে। গত দুই দশকে এর সংখ্যা তিন হাজার থেকে কমে নেমে এসেছে ৩০০-এ।

খবরটা পড়ে খারাপ লাগল। আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী বন্যপ্রাণীর সাথে আমাদের সম্পর্ক শুধুই শত্রুতার। যে কোন বন্যপ্রাণী আমাদের চোখে পড়লে আমাদের প্রথম চিন্তা থাকে তাকে কিভাবে হত্যা করা যায়। প্রাণীরাও এটা জানে। তারাও আমাদেরকে এড়িয়ে চলে। তারা জানে আমাদের মধ্যে মানবিকতার পরিমাণ খুব কম। তারই ধারাবাহিক ফল এই উল্লুকের সংখ্যা কমে যাওয়া। শুধু যে আমাদের অন্তর্গত হিংস্রতা এর জন্য দায়ী তা নয়। আমাদের অশিক্ষা, কুশিক্ষা, অজ্ঞতা ইত্যাদির কারণেও বন্যপ্রাণীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পরিবেশের ক্ষতি, উপকারী ও দেশীয় গাছ কেটে ফেলা ইত্যাদি কারণে বন্যপ্রাণীদের স্বাভাবিক বিচরণ ক্ষেত্র ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। আর তার প্রভাব পড়ছে বন্যপ্রাণীদের জীবনে।

উল্লুক সারাবিশ্বেই বিপন্ন প্রজাতির তালিকায় নাম লিখিয়েছে অনেক আগেই। আমরা তাদেরকে রক্ষা করতে পারতাম। কিন্তু সেই সুযোগ আমরা গ্রহণ করিনি। খবরে দেয়া তথ্য অনুযায়ী " বাংলাদেশ বন্যপ্রাণী ট্রাস্ট (ডব্লিউটিবি)- এর নির্বাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে জানান, গত ২০ বছরে বাংলাদেশের উল্লুকের সংখ্যা তিন হাজার থেকে কমে ৩০০-এ নেমে এসেছে।" খবরে আরও একটি বিশেষ তথ্য রয়েছে। "ডব্লিউটিবি এর তথ্যমতে, বাংলাদেশেরর উত্তর-পূর্ব (বৃহত্তর সিলেট) ও দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম) এলাকার বন ছাড়াও ভারত (উত্তর-পূর্বাংশ), মিয়ানমার (পশ্চিমাংশ) এবং চীনে উল্লুক দেখা যায়। উল্লুক প্রাইমেট গ্রুপের একটি হলো লেজার এপ, অন্যটি গ্রেটার এপ। আর এই গ্রেটার এপ-এর আওতায় রয়েছে শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং।"

উল্লুকের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ বনাঞ্চল ধ্বংস। বাংলাদেশে লাউয়াছড়া জাতীয় উদ্যান উল্লুকের প্রধান আবাসস্থল। এছাড়াও সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় উল্লুক বাস করে। বনাঞ্চল ধ্বংসের সাথে উল্লুকের বাসস্থান ও খাদ্যর উৎস নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অতিদ্রুত সচেতন না হলে এই সুন্দর প্রাণিটিকে দেশ থেকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না।

ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Wednesday, April 9, 2008

লামচিতা

বাংলাদেশে একটি অসাধারণ বাঘ আছে। এর নাম লামচিতা। এমন বাঘ আগে উপমহাদেশের মাটিতে নিশ্চিন্তে সদলবলে ঘুরে বেড়াত। কিন্তু কালপরিক্রমায় তারা মানুষের সাম্রাজ্যবাদী পদক্ষেপের কাছে হেরে গেছে। এখন ভারতে এই বাঘ বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশের একমাত্র লামচিতা বাঘটি রয়েছে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের খাচায়। এর ইংরেজি নাম Clouded Lepard । এই বাঘটা মেয়ে বাঘ। একটি পুরুষ বাঘ পাওয়া গেলে বংশবিস্তার করা যেত। কিন্তু অনেক খুজেও এর কোন জোড়া পাওয়া যায়নি। বাঘটির বয়স মাত্র ৪ বছর। ময়মনসিংহের গারো সম্প্রদায়ের মানুষেরা মাত্র ৬ মাস বয়সের এই বাঘটিকে তাদের বসতি এলাকা থেকে ধরেছিল। একা একাই ঘুরে বেড়াচ্ছিল বাঘটি। তারা মনে করেছিল এটা বোধহয় কোন বিরল প্রজাতির বিড়াল ছানা। কিন্তু আসলে এটা ছিল একটা সত্যিকারের বাঘ। সেই থেকে ৪ বছর হয়ে গেছে। এখন এর ওজন ২০ কেজি। লম্বা সাড়ে ৪ ফুট। উচ্চতা দেড় থেকে দুই ফুট। আফ্রিকা ও কেনিয়াতে এই প্রজাতির বাঘ পাওয়া যায়। বর্তমানে এই প্রাণীটি বিশ্বে দুষ্প্রাপ্য প্রাণীর তালিকায় নাম লিখিয়েছে। বাংলাদেশে এই বাঘ পাওয়ার অর্থ আমাদের এই দেশ পূর্বে এই বাঘের নিরাপদ আবাসভূমি ছিল।